সিলেট-ঢাকা মহাসড়কে তিন বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। শনিবার সকাল ৭টায় মহাসড়কের সিলেটের ওসমানীনগর এলাকার দয়ামীর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-শ্যামলী পরিবহনের সুপারভাইজার মজিবুর রহমান (৫৫)। তিনি শরিয়তপুর জেলার নগরিয়া উপজেলার দশাই হাওলাদার গ্রামের হযরত আলীর ছেলে। ওসমানীনগরের কুরুয়া গ্রামের ময়না রবি দাশের ছেলে বকুল রবি দাস (২৮)।
সড়ক দুর্ঘটনায় বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ওসি হাবিবুর রহমান।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, সকাল ৭টার দিকে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহন ও ইউনিক পরিবহনের সঙ্গে গাইবান্ধা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনায়েম মিয়া গণমাধ্যমকে জানান, ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
