BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৫৫
আজকের সর্বশেষ সবখবর

২০২৫ সালে যেসব বরেণ্য আলেমদের হারাল সিলেট


জানুয়ারি ১, ২০২৬ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!

কালের পরিক্রমায় হারিয়ে গেল ২০২৫ সাল। স্বাগত নববর্ষ ২০২৬। নতুন একটি বছর আমাদের মাঝে এসেছে। হারিয়ে গেছে জীবন থেকে একটি অধ্যায়। নতুন বছরের আগমনে যেমন আনন্দ ও উদ্দীপনার জোয়ার বয়ে যায়, তেমনি বিদায়ী বছরের স্মৃতি আমাদের মনে কেমন যেন এক ধরনের শূন্যতার অনুভূতি জাগায়। প্রতিটি বছরই তার নিজস্ব গল্প বয়ে আনে; সুখ-দুঃখ, হাসি-কান্না, উৎসব আর শোকের মিশেলে ভরা থাকে সময়ের এই স্রোত।

২০২৫ সালও এর ব্যতিক্রম ছিল না। এ বছরটি নানা ঘটনায় সমৃদ্ধ ছিল, যা আমাদের জীবনে ফেলেছে গভীর প্রভাব। তবে এর মাঝে শোকের ছায়াও নেমে আসে সিলেটের বরেণ্য আলেমদের বিদায়ের মধ্যদিয়ে। এ বছর আমরা হারিয়েছি এমন কিছু বিজ্ঞ আলেমদেরকে, যাদের অবদান সিলেটবাসীর হৃদয়ে চিরস্মরণীয় এবং অনুকরণীয় হয়ে থাকবে। এ বছর আমাদের ছেড়ে যাওয়া সেই মহান আলেমদের কথাই তুলে ধরব যাদের জীবন ও কর্ম আমাদের জন্য ছিল আলোকবর্তিকা।

আল্লামা মুকাদ্দাস আলী: ৬৬ বছর ধরে বুখারি শরিফ পড়াতেন সিলেটের প্রবীণ আলেম ও শায়খুল হাদিস আল্লামা মুকাদ্দাস আলী। ২০২৫ সালের ৮ জানুয়ারি ইন্তেকাল করেন প্রবীণ এই আলেম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৯১ বছর। তিনি জকিগঞ্জ উপজেলার মুনশিবাজার মাদ্রাসার শিক্ষক ও শাইখুল হাদিস ছিলেন। ১৯৩৩ সালে ভারত সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার বারগাত্তা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। প্রাতিষ্ঠানিক শিক্ষা সমাপ্তির পর ১৯৬০ সালে শায়খ মুকাদ্দাস আলী নিজ জন্মভূমি জকিগঞ্জ উপজেলার মুনশিবাজার মাদ্রাসায় শিক্ষকতার মাধ্যমে কর্মজীবনে পা দেন। যোগদানের পরের বছরই তাকে মাদরাসার শায়খুল হাদিসের মসনদে সমাসীন করা হয়। সেই থেকে মৃত্যু পর্যন্ত সেখানে একই পদে কর্মরত ছিলেন তিনি।

দরগাহ মাদরাসার মুহাদ্দিস মাওলানা আবদুন নূর সদরঘাটি:
সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়া কাসিমুল উলুম দরগাহ হযরত শাহজালাল (রহ.) মাদরাসার সিনিয়র মুহাদ্দিস ও ছাত্রাবাস তত্ত্বাবধায়ক মুফতি মাওলানা আবদুন নূর সদরঘাটি বিদায়ী বছরের ১৩ জানুয়ারি বেলা ১১টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মুফতি মাওলানা আবদুন নূর সদরঘাটির বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলর সদরঘাট (ইসলামপুর) এলাকায়। তিনি সিলেট মহানগরের রাজারগলির একটি বাসায় দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বসবাস করছলেন।

শায়খুল হাদিস আল্লামা ইসহাক আল মাদানী:
আন্তর্জাতিক ইসলামিক স্কলার, বর্ষীয়ান আলেমে দ্বীন, সিলেটের কৃতি সন্তান শায়খুল হাদিস আল্লামা ইসহাক আল মাদানী গেলো বছরের ২০ জানুয়ারি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে মারা যান। মরহুম আল্লামা ইসহাক আল মাদানী উপমহাদেশের প্রখ্যাত হাদীস বিশারদ ও দ্বীনের দায়ী ছিলেন। হাজারো আলীমের উস্তাদ, ইলমে নববীর জগতের এক উজ্জ্বল নক্ষত্র, উম্মাহর সম্পদ ছিলেন। তিনি ছিলেন ঐতিহ্যবাহী দারুল ইফতা সৌদি আরবের সাবেক মুবাল্লিগ। শিক্ষা জীবনে একজন মেধাবী শিক্ষার্থী হিসেবে শায়খ ইসহাক আল মাদানী বিশ্ববিখ্যাত মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রী লাভ করেন। তিনি দীর্ঘদিন শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা পাঠানটুলায় শায়খুল হাদিস হিসেবে ইলমে দ্বীনের খেদমত করেন। তিনি ৯ অক্টোবর ১৯৫৩ ইংরেজী। জুম’আ বারে গোলাপগঞ্জে জন্মগ্রহণ করেন।

মাওলানা নযির আহমদ শায়খে ঝিঙ্গাবাড়ী
জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদরাসার শায়খুল হাদিস মাওলানা নযির আহমদ শায়খে ঝিঙ্গাবাড়ী ২৫ মে কানাইঘাট ঝিঙ্গাবাড়ী গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) করেন। শায়খুল হাদিস নজির আহমদ একজন নিভৃতচারী সাধক আলেম ছিলেন। তিনি জামেয়া রেঙ্গা, মাযাহিরুল উলুম গাছবাড়ি, সিলেটের ভার্থখলা, কাজিরবাজার, রাজাগঞ্জসহ অনেক মাদরাসায় আজীবন ইলমে হাদিসের খেদমত করেছেন।

শায়খুল হাদিস মাহমুদুল হাছান রায়গড়ি: পূর্ব সিলেটের প্রবীণ আলেম ও গোয়াইনঘাট দারুস সালাম লাফনাউট মাদ্রাসার দীর্ঘদিনের শায়খুল হাদিস মাওলানা মাহমুদুল হাছান রায়গড়ি ১৩ নভেম্বর মৃত্যুবরণ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হাদিসের খেদমত, ওয়াজ-নসিহতে দ্বারা তিনি দ্বীনের অনন্য খেদমত আঞ্জাম দিয়ে গেছেন।

হাওয়াপাড়া মসজিদের সাবেক ইমাম আব্দুল ওয়াহাব: সিলেট নগরীর হাওয়াপাড়া জামে মসজিদের দীর্ঘ তিন যুগের সাবেক ইমাম ও খতীব, প্রবীণ আলেমেদ্বীন মাওলানা আব্দুল ওয়াহাব ২২ নভেম্বর কানাইঘাট পৌরসভার রায়গড় গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মাওলানা আব্দুল ওয়াহাব দীর্ঘসময় সিলেট নগরীর হাওয়াপাড়া জামে মসজিদের ইমাম ও খতীব হিসেবে দায়িত্ব পালন করে সর্বমহলে একজন সৎ, পরহেজগার ও নীতিবান আলেম হিসেবে পরিচিতি অর্জন করেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।