BD SYLHET NEWS
সিলেটসোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:২৮
আজকের সর্বশেষ সবখবর

সৌদি যাওয়া হলো না, পথে প্রাণ গেল ট্রাকের ধাক্কায়


মে ১৪, ২০২৫ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : মাদারীপুরের শিবচরে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী বাসের পেছনে একটি ট্রাকের ধাক্কায় সৌদি প্রবাসী বাবলুর রহমান (৫০) নিহত হয়েছেন।

বুধবার (১৪ মে) ভোর ৪টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার মোল্লার বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবলুর যশোরের ঝিকরগাছা উপজেলার মুকুন্দপুর এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তিনি একজন সৌদি প্রবাসী। সৌদি যাওয়ার উদ্দেশ্যেই তিনি বাসে করে ঢাকায় যাচ্ছিলেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৩ মে) রাতে যশোর থেকে সেন্টমার্টিন পরিবহনের একটি এসি বাসে সৌদি আরবে যাওয়ার উদ্দেশ্যে ঢাকায় যাচ্ছিলেন বাবলুর। পথিমধ্যে বাসের এসিতে সমস্যা দেখা দেয়। পরে মেরামতের জন্য ভোররাত ৪টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মোল্লার বাজার সংলগ্ন সড়কের কাছে এসে বাসটি দাঁড় করানো হয়। এসময় অনেক যাত্রী বাস থেকে বাইরে এসে দাঁড়ায়। এরই মধ্যে ঢাকাগামী বেপরোয়া গতির একটি ট্রাক এসে বাসটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এ ঘটনায় বাস যাত্রী বাবলুর গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানেই বাবলুকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) তমাল বলেন, সড়ক দুর্ঘটনায় একজন সৌদি প্রবাসী মারা গেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত গাড়ি পুলিশ হেফাজতে আনা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় আর কেউ আহত নেই।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।