BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৩৩
আজকের সর্বশেষ সবখবর

শুধু বিএনপি নয়, সাধারণ মানুষও আতঙ্কে, পুলিশ নিরাপত্তা দিতে পারছে না: বিএনপির আহবায়ক


নভেম্বর ১৯, ২০২৬ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক বলে মন্তব্য করেছেন জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামান। তিনি অভিযোগ করেছেন, গত কয়েক দিন ধরে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা জেলায় সহিংসতা, ভাঙচুর ও লুটপাট চালাচ্ছে। এতে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি কার্যকর নিরাপত্তা দিতে পারছে না বলেও দাবি করেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিজ ঘরে বসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জেলা বিএনপির আহবায়ক বলেন, গত কয়েক দিনে গোপালগঞ্জে বিএনপির নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুধু বিএনপি নেতাকর্মীরাই নন, এসব সহিংসতায় সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

তিনি আরও অভিযোগ করেন, গতকাল টুঙ্গিপাড়া থানায় হামলা চালিয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। এ সময় বিজিবি সদস্যদের মারধর ও হেনস্তা করার পাশাপাশি তাদের গাড়িও ভাঙচুর করা হয়েছে। এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

বিএনপির এই নেতা বলেন, এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই সুস্থ রাজনৈতিক চর্চার অংশ হতে পারে না। বরং সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে জনগণকে জিম্মি করে একটি গোষ্ঠী তাদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে। গণতান্ত্রিক পরিবেশ ও সরকারের সময়ে এ ধরনের সহিংসতা কোনোভাবেই কাম্য নয়।

২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিয়মতান্ত্রিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের সময়ও সারাদেশে সহিংসতা চালানো হয়েছিল। ওই সময় গোপালগঞ্জে বিএনপি নেতাদের বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট এবং বিএনপি কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে। সেই ঘটনার ধারাবাহিকতায় এবারও নতুন পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে সহিংসতার পথ বেছে নেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, পুলিশ প্রশাসন ও বিজিবি মোতায়েন থাকলেও তারা কার্যকর ভূমিকা রাখতে পারছে না। ফলে জেলার প্রায় ১৫ লাখ মানুষ নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে রয়েছেন।

পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারের প্রতি জরুরি পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়ে জেলা বিএনপির আহবায়ক বলেন, গোপালগঞ্জের ১৫ লাখ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পুলিশ প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দুষ্কৃতকারীদের দমন, জনমনে আস্থা ফিরিয়ে আনা এবং জেলায় শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠায় প্রয়োজনীয় ও কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।