BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৫৪
আজকের সর্বশেষ সবখবর

অভিনয় এখন ‘সেকেন্ড চয়েস’, করপোরেটে ব্যস্ত প্রভা


অক্টোবর ২১, ২০২৬ ৯:১০ অপরাহ্ণ
Link Copied!

একসময় নাটকের পর্দায় নিয়মিত দেখা যেত সাদিয়া জাহান প্রভাকে। ব্যক্তিগত জীবনের নানা ঝড়, বিরতি আর নতুন করে ফেরার অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়া এই অভিনেত্রীর জীবনে এখন যোগ হয়েছে আরেকটি পরিচয়। গত দেড় বছর ধরে একটি ইলেকট্রনিক্স কোম্পানিতে পরিচালক হিসেবে কাজ করছেন তিনি। অভিনয়ও করছেন, তবে এখন আর সেটিকে জীবনের একমাত্র পেশা হিসেবে দেখছেন না প্রভা। বরং নিজের পছন্দ, সম্মান ও পারিশ্রমিককে গুরুত্ব দিয়ে বেছে নিচ্ছেন কাজ।

পছন্দের গল্পেই ফিরছেন অভিনয়ে

প্রভা জানিয়েছেন, অভিনয়ে নিয়মিত হওয়ার জন্য তার কোনো তাড়াহুড়া নেই। ভালো গল্প, ব্যতিক্রমী চরিত্র এবং উপযুক্ত সম্মানী পেলে তবেই কাজ করতে চান তিনি। অভিনয়কে আপাতত দ্বিতীয় পছন্দ হিসেবে দেখলেও পর্দা থেকে পুরোপুরি সরে যাননি এই অভিনেত্রী।
এরই মধ্যে সরকারি অনুদানে নির্মিত দুটি সিনেমায় অভিনয় করেছেন প্রভা। ঝুমুর আসমা জুঁই পরিচালিত ‘দুই পয়সার মানুষ’ এবং সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’—দুটি ছবিতেই যুক্ত হয়েছেন গল্প ও চরিত্র পছন্দ হওয়ায়।

এ প্রসঙ্গে প্রভা বলেন, “সিনেমা দুটির গল্প ও আমার চরিত্র পছন্দ হয়েছে বলে এর সঙ্গে যুক্ত হয়েছি। তবে শুটিং পুরোপুরি শেষ হয়নি। এখনও কিছু অংশের শুটিং বাকি রয়েছে। চলতি বছরের মধ্যেই এটি শেষ হয়ে যাবে।”

সরকারি অনুদানের ‘দুই পয়সার মানুষ’ ও ‘দেনা পাওনা’ সিনেমায় অভিনয় করেছেন তিনি

সরকারি অনুদানের ‘দুই পয়সার মানুষ’ ও ‘দেনা পাওনা’ সিনেমায় অভিনয় করেছেন প্রভা

সম্প্রতি ওটিটিতে প্রচারিত ‘লুক আ লাইক’ নাটকে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেও আলোচনায় আসেন প্রভা। আহমেদ শাকিল নিসানের পরিচালনায় ‘বর্তমান’ নাটকেও তার অভিনয় প্রশংসিত হয়েছে। পাশাপাশি এনটিভিতে প্রচারিত ধারাবাহিক ‘পরের মেয়ে’তেও দেখা যাচ্ছে তাকে।

ব্যক্তিগত ঝড় পেরিয়ে কাজে ফেরা

প্রভার ক্যারিয়ারে যেমন সাফল্য এসেছে, তেমনি ব্যক্তিগত জীবনের কঠিন সময়ও তার পথচলাকে প্রভাবিত করেছে। ২০১০ সালের আগস্টে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে ভালোবেসে বিয়ে করেন তিনি। তখন দুজনই ছিলেন আলোচিত জুটি। বিভিন্ন টক শোতেও একসঙ্গে দেখা যেত তাদের।

তবে, সে সময় প্রভার সাবেক প্রেমিক তাদের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে দেন। ঘটনাটির পর ২০১১ সালের ফেব্রুয়ারিতে অপূর্বর সঙ্গে তার বিচ্ছেদ হয়। এরপর সামাজিক ও মানসিকভাবে কঠিন সময় পার করেন প্রভা। কিছুদিনের জন্য অভিনয় ও গণমাধ্যম থেকে দূরে সরে যান।

২০১২ সালে ব্যবসায়ী মাহমুদ শান্তকে বিয়ে করলেও ২০১৪ সালে সেই সংসারও ভেঙে যায়। ব্যক্তিগত জীবনের এসব অভিজ্ঞতার পর আবারো অভিনয় থেকে বিরতি নেন তিনি। তবে দীর্ঘদিন পর ক্যামেরার সামনে ফিরে আসেন প্রভা। ‘সিকান্দার বক্স’ সিরিজসহ একক ও ধারাবাহিক নাটকে অভিনয়ের মধ্য দিয়ে আবারও নিজের অবস্থান তৈরি করেন।

মোশাররফ করিমের সঙ্গে ‘লুক আ লাইক’ নাটকে অভিনয় করে আলোচনায় আসেন প্রভা

মোশাররফ করিমের সঙ্গে ‘লুক আ লাইক’ নাটকে অভিনয় করে আলোচনায় আসেন প্রভা

অনলাইন হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ

ক্যারিয়ারের বিভিন্ন সময়ে অনলাইনে ভুয়া খবর, হয়রানি ও অপপ্রচারের শিকার হয়েছেন প্রভা। ২০২৩ সালে সাইবার বুলিংয়ের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়ে প্রতিবাদ জানান তিনি।

একসময় নেতিবাচক মন্তব্যের ভয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ছবি ও ভিডিওর মন্তব্য সীমিত রাখতেন এই অভিনেত্রী। এখন সেই সীমাবদ্ধতা অনেকটাই কাটিয়ে উঠেছেন। ব্যক্তিগত জীবনের ছবি, ভিডিও ও নানা অভিজ্ঞতাও ভাগ করে নেন অনুসারীদের সঙ্গে। অন্যায়ের প্রতিবাদেও সরব হন।

ব্যক্তিগত জীবনের কঠিন অভিজ্ঞতা পেছনে ফেলে প্রভা এখন নিজের কাজ ও জীবনকে নিজের মতো করে সাজাচ্ছেন। অভিনয়ের পাশাপাশি করপোরেট দায়িত্ব সামলানো তার সেই নতুন পথচলারই অংশ। পর্দায় তাকে কতটা নিয়মিত দেখা যাবে, তা সময়ই বলবে; আপাতত কাজ বেছে নেওয়ার ক্ষেত্রে নিজের পছন্দকেই গুরুত্ব দিচ্ছেন অভিনেত্রী।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।