পুলিশের পোশাক পরে পূজামণ্ডপে চলা সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশনের ঘটনায় উদয়ন ফারুক নামে সিলেটের জালালাবাদ থানার এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সিলেট মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের সই করা এক আদেশে এ ব্যবস্থা নেয়া হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (১৯ অক্টোবর) রাতে সিলেট নগরীর ৮ নম্বর ওয়ার্ডের আখালিয়া নতুনবাজার এলাকার ব্রাহ্মণশাসন সার্বজনীন পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে ছিলেন এএসআই উদয়ন ফারুক। এ সময় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে পুলিশের পোশাক পরেই গান পরিবেশন করেন তিনি।
পরে তার গান গাওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। এরপর তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুল হাবিব জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। পরে ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
