BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৩৯
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে ফার্মেসীর ভেতরে নারীকে হত্যা করে ৬ টুকরো করার মামলায় আসামীর মৃত্যুদণ্ড


অক্টোবর ১৩, ২০২৬ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা : সুনামগঞ্জে ফার্মেসীর ভেতরে ৬ টুকরো করে শাহনাজ পারভীন জোৎস্না নামে এক নারীকে হত্যা মামলায় আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে ও অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ হাবিবুল্লা এ রায় দেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল। তিনি জানান, এছাড়াও আসামীকে ২০১ ধারায় ৭ বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ মামলায় প্রায় ২০ জন স্বাক্ষী দিয়েছেন। আমরা রায়ে সন্তুষ্ট। আশা করি আদালত দ্রুতই এই রায় কার্যকর করবেন।

২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি সুনামগঞ্জের জগন্নাথপুরে নিখোঁজ হন প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জোৎস্না। এর পরদিন ১৭ ফেব্রুয়ারি স্থানীয় একটি ফার্মেসির ভেতর থেকে তাঁর মরদেহের ৬ টুকরা উদ্ধার করে পুলিশ।

মামলার এজাহার অনুযায়ী, জগন্নাথপুরের একটি ফার্মেসিতে যাওয়ার পর নিখোঁজ হন শাহনাজ। পরে স্বজনেরা খোঁজাখুঁজি করে ওই ফার্মেসিতে গিয়ে তাঁর মরদেহের ৬ টি টুকরো দেখতে পান। এ ঘটনায় নিহতের ভাই হেলাল আহমদ বাদী হয়ে জিতেশ চন্দ্র গোপসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন। মামলার দীর্ঘ তদন্তে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে চার্জশীট দাখিল করে পুলিশ। মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম শেষে সোমবার আদালত একমাত্র আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।