BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫৬
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজারে পাওনা টাকা চাওয়ায় দোকানিকে হত্যা, আসামির মৃত্যুদণ্ড


অক্টোবর ১২, ২০২৬ ৪:০২ অপরাহ্ণ
Link Copied!

মৌলভীবাজারে চা দোকানদার দুরুদ মিয়া হত্যা মামলায় ছাদিক মিয়া (৬৫) নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় অপর সাত আসামিকে খালাস দেওয়া হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামসাদ বেগম এ রায় দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ১২ জুন সকালে মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের নারাইনপাশা এলাকার চা দোকানদার দুরুদ মিয়া পাওনা ১ হাজার ২৬৩ টাকা ছাদিক মিয়ার কাছে চান। এতে ক্ষিপ্ত হয়ে ছাদিক মিয়া সেখান থেকে চলে যান। কিছুক্ষণ পর দলবল নিয়ে ফিরে ধারালো অস্ত্র দিয়ে দুরুদ মিয়াকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ওই দিন রাতে নিহতের ছেলে মকবুল মিয়া বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় আটজনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নিয়ামুল হক বলেন, দীর্ঘ শুনানি শেষে ছাদিক মিয়ার বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। একই সঙ্গে অপর সাত আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।