BD SYLHET NEWS
সিলেটশনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:১৫
আজকের সর্বশেষ সবখবর

দেশ ছাড়ার আগে ভারত দল দেখল জার্সির মাপ ঠিক নেই


সেপ্টেম্বর ১৯, ২০২৬ ৩:৩০ অপরাহ্ণ
Link Copied!

আয়োজন শুরু হতে না হতেই বিতর্কের ঝড়! এশিয়ান গেমসে একের পর এক অব্যবস্থাপনায় নাজেহাল অংশগ্রহণকারী দেশগুলো। সেই তালিকার নতুন সংযোজন ভারতের পুরুষ ক্রিকেট দল।

রবিবার ভোরেই টুর্নামেন্টে অংশ নিতে জাপানের উদ্দেশে রওনা হওয়ার কথা ক্রিকেটারদের, অথচ যাত্রার ঠিক আগমুহূর্তেও সঠিক মাপের কিট হাতে পাননি দলের বেশ কয়েকজন সদস্য!

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, খেলোয়াড়দের কিটের সাইজ সংক্রান্ত এই বিড়ম্বনার পর তড়িঘড়ি ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের (আইওএ) কিট প্রস্তুতকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে বিসিসিআই।

জাপান সফরে দুটি আলাদা পোশাকে দেখা যাবে ঈশান কিষানদের। আগামী ২২ সেপ্টেম্বর স্বাগতিক জাপানের বিরুদ্ধে ঐতিহাসিক টি-টোয়েন্টি ম্যাচে নিজেদের পরিচিত জাতীয় জার্সিতেই মাঠে নামবেন তারা। এরপর ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়ান গেমসে শ্রেয়স আইয়ারদের মূল মিশন, যেখানে গেমসের অফিশিয়াল কিট পরেই নামতে হবে ভারতীয় দলকে।

সমস্যার কথা স্বীকার করে আইওএ-র এক কর্মকর্তা জানান, ‘ক্রিকেটারদের কিটের মাপে কিছু সমস্যা দেখা দিয়েছিল। তবে বেশির ভাগ সমস্যারই সমাধান হয়ে গেছে। বাকি যেগুলো রয়েছে, সেগুলোও খুব দ্রুত পাঠিয়ে দেওয়া হচ্ছে। খেলোয়াড়দের দুটি ভিন্ন সেট জার্সি লাগায় এমনটা ঘটেছে।

অবশ্য অনিয়মের অভিযোগ শুধু কিটেই সীমাবদ্ধ নেই। স্বাগতিক নাগোয়ায় অ্যাথলেটদের থাকার সুব্যবস্থা করতে না পারায় আয়োজকদের ওপর আগেই ক্ষোভ জমেছিল। আইওএ-র পক্ষ থেকে অ্যাথলেটদের জন্য যে থাকার ব্যবস্থা করা হয়েছে, তা ক্রিকেটারদের মানানসই নয় বলে মনে করছে ভারতীয় বোর্ড। সে কারণেই মহিলা দল আইওএ-র নির্ধারিত হোটেলেই উঠলেও, পুরুষ ক্রিকেটারদের জন্য আলাদা করে পাঁচতারকা হোটেলের বন্দোবস্ত করেছে বিসিসিআই নিজেই।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।