BD SYLHET NEWS
সিলেটসোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৩১
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতিকে ‘জীবিত দাফনের’ হুমকির অভিযোগ


আগস্ট ৩, ২০২৬ ২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনকে ‘খুঁজে বের করে জীবিত দাফন’ করার হুমকি দিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে মাওলানা কামরুল ইসলাম খানের বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তাহীনতার আশঙ্কা জানিয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রিংগনের ভাই মো. জাহাঙ্গীর আলম।

সোমবার (৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল হক।

জিডির আবেদনে জাহাঙ্গীর আলম উল্লেখ করেন, ফেসবুকে ঢুকে দেখতে পান, মাওলানা কামরুল ইসলাম খান নিজের অ্যাকাউন্ট থেকে শাহ রাজিব আহমেদ রিংগনকে খুঁজে বের করে ‘জীবিত দাফন’ করার হুমকি দিয়েছেন। এতে তিনি, তার ভাই ও পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে আবেদনে উল্লেখ করেন।

জিডিতে অভিযোগ করা হয়, মাওলানা কামরুল ইসলাম খান হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের রায়ধর গ্রামের বাসিন্দা।

তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিএনপির সংসদ সদস্য ও হুইপ জিকে গউছসহ বিএনপি ও এর অঙ্গসংগঠন নিয়ে অশ্লীল, কটূক্তি ও কুরুচিপূর্ণ মন্তব্য করে আসছেন বলেও অভিযোগ করা হয়েছে।

আবেদনে আরো বলা হয়, এসব পোস্টের কারণে বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। পাশাপাশি শাহ রাজিব আহমেদ রিংগনকে প্রকাশ্যে হত্যার হুমকির ঘটনায় যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কা করছেন পরিবারের সদস্যরা।

অভিযোগকারী জাহাঙ্গীর আলম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্য এমন হুমকির কারণে তার ভাই ও পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে বিষয়টি যেন আইনগতভাবে নথিভুক্ত থাকে, সে কারণেই থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তবে অভিযোগে উল্লিখিত মাওলানা কামরুল ইসলাম খানের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল হক বলেন, ‘এ বিষয়ে সাধারণ ডায়েরি আমরা পেয়েছি। অভিযোগের সত্যতা ও ফেসবুক পোস্টের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।