BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৩৮
আজকের সর্বশেষ সবখবর

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ওসমানীনগর ইসকনের সাধারণ সম্পাদককে সাময়িক অব্যাহতি


জুলাই ১২, ২০২৬ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

ইসকন বাংলাদেশের অধীনস্থ সিলেটের ওসমানীনগর বড় ইসবপুর শ্রীশ্রী রাধা-মাধব জিউ মন্দির -এর সাধারণ সম্পাদক শ্যামল কান্তি দাস (দীক্ষিত নাম সখা মধুমঙ্গল দাস)-কে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক পূজ্যপাদ শ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী মহারাজ স্বাক্ষরিত ২০ জুনের এক সাংগঠনিক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

চিঠিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ এবং বিভাগীয় কমিটির নির্দেশনা অমান্যের অভিযোগ পর্যালোচনার পর বিভাগীয় কার্যকরী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী তাকে সাধারণ সম্পাদকসহ সব সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তার জিম্মায় থাকা মন্দিরের দায়িত্ব, নথিপত্র, হিসাবপত্র এবং অন্যান্য সাংগঠনিক সম্পদ যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে ইসকন সিলেট বিভাগীয় কমিটির দুর্যোগ ব্যবস্থাপনা ও সমাজসেবা বিভাগের সদস্য বুদ্ধি গৌর দাস অধিকারী বলেন, “সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তিনি বর্তমানে ইসকনের কোনো দায়িত্বে নেই। তাই ইসকনের নাম, পূজ্যপাদ মহারাজের নাম কিংবা সংগঠনের পরিচয় ব্যবহার করে সখা মধুমঙ্গল দাস ব্যক্তিগতভাবে অর্থ সংগ্রহ বা কোনো ধরনের আর্থিক লেনদেন করলে তার দায় ইসকন কর্তৃপক্ষ নেবে না। ওসমানীনগরের ভক্ত ও সাধারণ মানুষকে এ বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “সংগঠনের সিদ্ধান্ত ও গঠনতন্ত্র সবার জন্য সমানভাবে প্রযোজ্য। তাই ইসকনের পক্ষ থেকে অনুমোদিত ব্যক্তি ছাড়া অন্য কারও সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে।”

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।