BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩৮
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সিলেটে বৃষ্টির মধ্যেও জনতার ঢল


জুন ১৭, ২০২৬ ১২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরকে কেন্দ্র করে বুধবার (১৭ জুন) সকাল থেকেই নগরী ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিকে উপেক্ষা করে সড়কের দুই পাশে অবস্থান নেন হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ। প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে এবং স্বাগত জানাতে সকাল থেকেই মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

সকাল ১০টা ১৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান দলীয় নেতারা। পরে সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি। প্রধানমন্ত্রীর বহর যাতায়াতের নির্ধারিত সড়কজুড়ে ছিল মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে বৃষ্টি হলেও তা জনসমাগমে কোনো প্রভাব ফেলতে পারেনি। ছাতা, রেইনকোট কিংবা ভিজে অবস্থায়ও অনেকে ঘণ্টার পর ঘণ্টা সড়কের পাশে অপেক্ষা করেছেন। বিভিন্ন স্থানে দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়। তাদের সঙ্গে সাধারণ মানুষের অংশগ্রহণও ছিল উল্লেখযোগ্য।

দলীয় সূত্র জানায়, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের আগে থেকেই প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই আহ্বানে সাড়া দিয়ে সিলেটের বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা সড়কের পাশে জড়ো হন। সফরকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

বিমানবন্দর থেকে শ্রীমঙ্গলগামী সড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেওয়া নেতাকর্মীরা জানান, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমানের সিলেট সফরকে তারা বিশেষ গুরুত্বের সঙ্গে দেখছেন। তাই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও তাকে স্বাগত জানাতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত হয়েছেন।

এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি), জেলা পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, বৃষ্টি উপেক্ষা করে মানুষের এমন স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। জনতার ব্যাপক অংশগ্রহণে সিলেটে তার আগমনকে ঘিরে দিনভর উৎসবমুখর পরিবেশ বিরাজ করেছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।