বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ইমামদের নিয়োগ বিধিমালা ও বেতন কাঠামো ঠিক করবে সরকার। উন্নয়নমূলক কাজের তদারকিতে ইমামদের অংশগ্রহণ নিশ্চিত করার কথাও জানিয়েছেন তিনি।
আজ সোমবার সিলেট নগরীর সারদা হলে মহানগরীর মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেট সিটি করপোরেশন এ আয়োজন করে।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ইমামরা উন্নয়নমূলক কাজের তদারকিতে সক্রিয় ভূমিকা রাখলে সামাজিক ভারসাম্য প্রতিষ্ঠিত হবে। সমাজের মানুষ উন্নয়ন কর্মকাণ্ডে নিজেদের মালিকানা অনুভব করবে।
তিনি আরও বলেন, ইমামদের মর্যাদা রক্ষায় ব্যক্তিগত ইচ্ছায় নিয়োগ ও চাকরিচ্যুতি রোধে রাষ্ট্র স্বীকৃত একটি বিধিমালা প্রণয়ন করা হবে। পাশাপাশি ইমামদের জন্য এমন সম্মানীর ব্যবস্থা করা হবে, যেন চার থেকে ছয় সদস্যের একটি পরিবার সচ্ছলভাবে জীবন যাপন করতে পারে।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার।
অনুষ্ঠানে মহানগরীর ৮২৭টি মসজিদের এক হাজার ৬৪ জন ইমাম এবং এক হাজার ২১১ জন মুয়াজ্জিনের মধ্যে ৩৯ লাখ ৪৪ হাজার ৫০০ টাকা সম্মানী দেওয়া হয়।
এদিকে একই দিন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটের ওসমানীনগর উপজেলায় খাল পুনঃখনন কর্মসূচির আওতায় চম্পাতলী খাল খননের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।
