BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৫৮
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে একের পর এক ছিনতাই: আতঙ্কে নগরবাসী, প্রশাসনের তৎপরতা নিয়ে প্রশ্ন


মার্চ ৬, ২০২৬ ১০:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

বিডি সিলেট প্রতিবেদক ::- সিলেট নগরীতে সাম্প্রতিক সময়ে একের পর এক ছিনতাইয়ের ঘটনায় নগরবাসীর মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বাড়ছে। বিশেষ করে নারীদের লক্ষ্য করে সংঘটিত এসব ঘটনায় নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ধারাবাহিক এই অপরাধের পরও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি বা অপরাধী গ্রেপ্তারের খবর না পাওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়েও সমালোচনা শুরু হয়েছে।

জানা যায়, গত কয়েক দিন আগে সিলেট নগরীর হাউজিং স্টেট এলাকায় এক নারী ছিনতাইয়ের শিকার হন। বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা তার পথরোধ করে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় বলে অভিযোগ ওঠে। ঘটনার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ দেখা দেয়। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই গতকাল আবারও নগরীর সাগর দিঘীরপাড় এলাকায় ছিনতাইয়ের শিকার হন এক কলেজ পড়ুয়া তরুণী।

প্রত্যক্ষদর্শীদের মতে, হঠাৎ করে দুর্বৃত্তরা এসে তার কাছ থেকে মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। দিনের পর দিন এমন ঘটনা ঘটতে থাকায় নগরবাসীর মধ্যে নিরাপত্তাহীনতা আরও বাড়ছে।

স্থানীয়দের অভিযোগ, একের পর এক ছিনতাইয়ের ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, নগরীতে ট্রাফিক অভিযান কিংবা যানবাহনের কাগজপত্র যাচাইয়ের কার্যক্রম দেখা গেলেও ছিনতাইসহ অন্যান্য অপরাধ দমনে প্রশাসনের তৎপরতা ততটা দৃশ্যমান নয়।নগরবাসীর মতে, দ্রুত এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করা জরুরি। পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় পুলিশের টহল বাড়ানো এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।