সিলেট নগরীতে ছিনতাইকারীদের দৌরাত্ম্য দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। গত সোমবার সিলেট হাউজিং এস্টেট এলাকায় একদল কুখ্যাত ছিনতাইকারীর তাণ্ডবে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, দামি মোটরসাইকেল ব্যবহার করে এবং পরিপাটি পোশাক পরিহিত অবস্থায় সংঘবদ্ধ এই পেশাদার অপরাধীরা প্রকাশ্য দিবালোকে সাধারণ মানুষের কাছ থেকে মোবাইল ফোন, নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিচ্ছে। হঠাৎ আক্রমণে ভুক্তভোগীরা কিছু বুঝে ওঠার আগেই ঘটনাস্থল ত্যাগ করছে দুর্বৃত্তরা।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, এই চক্রটি নতুন নয়। দীর্ঘদিন ধরে তারা নগরীর বিভিন্ন এলাকায় সক্রিয় রয়েছে এবং একাধিক ছিনতাইয়ের ঘটনায় জড়িত। প্রতিদিন ঘটতে থাকা এসব অপরাধে শহরের মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিশেষ করে নারী, বৃদ্ধ ও শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন বলে জানিয়েছেনস্থানীয়রা। ছিনতাইকারীদের অবাধ তৎপরতায় সিলেটের সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে এবং নগরজুড়ে ভয় ও উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। সন্ধ্যার পর অনেকেই জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে সাহস পাচ্ছেন না। এ অবস্থায় স্থানীয় সচেতন মহল দ্রুত এসব অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি, কেউ যদি এই কুখ্যাত ছিনতাইকারীদের চিনে থাকেন বা তাদের সম্পর্কে কোনো তথ্য ও ছবি থাকে, তাহলে নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। একটি নির্ভরযোগ্য তথ্যই বড় কোনো অপরাধ প্রতিরোধে সহায়ক হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
