BD SYLHET NEWS
সিলেটরবিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫২
আজকের সর্বশেষ সবখবর

সোফি শাইনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন শিখর ধাওয়ান


ফেব্রুয়ারি ২১, ২০২৬ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

প্রথম সংসারের বিষাদ ভুলে জীবনের নতুন ইনিংসে পা রাখছেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার শিখর ধাওয়ান। দীর্ঘদিনের আইরিশ বান্ধবী সোফি শাইনের সঙ্গে খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের গায়ে হলুদ ও সংগীত অনুষ্ঠানের ছবি শেয়ার করে ভক্তদের এই সুখবর দেন ধাওয়ান।

ইনস্টাগ্রামে প্রি-ওয়েডিংয়ের জোড়া ছবি শেয়ার করে ধাওয়ান ক্যাপশনে লেখেন, ‘সংগীত নাইট। অলমোস্ট দ্য ধাওয়ানস।’ আইরিশ কন্যা হলেও সোফির সাজে ছিল খাঁটি ভারতীয় ঐতিহ্যের ছোঁয়া। গায়ে হলুদ ও সংগীতে লাল এবং হালকা বাদামি রঙের লেহেঙ্গার পাশাপাশি ঐতিহ্যবাহী ‘কালিরা’ ও টিকলিতে মোহময়ী লাগছিল তাকে। অন্যদিকে ধাওয়ানের পরনে ছিল হাতির দাঁতের রঙের প্যান্ট, শার্ট ও ব্লেজার।

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয় সোফি আয়ারল্যান্ডের নাগরিক। তিনি বর্তমানে একটি পরামর্শদাতা সংস্থায় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে আবুধাবি ও সংযুক্ত আরব আমিরাতের দায়িত্বে রয়েছেন। আয়ারল্যান্ডের লিমরিক ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে মার্কেটিং ও ম্যানেজমেন্টে ডিগ্রি নিয়েছেন তিনি। ২০২৪ সালের আইপিএলে পাঞ্জাব কিংসের ম্যাচ এবং সবশেষ ২০২৫ সালে দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধাওয়ানের সঙ্গে জনসমক্ষে দেখা গিয়েছিল তাকে।

জানা গেছে, চলতি ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহেই দিল্লি এনসিআরে ধাওয়ান ও সোফির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। ক্রিকেট ও বলিউড তারকারা এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন। এর আগে ২০১২ সালে ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলীয় বক্সার আয়েশা মুখার্জিকে বিয়ে করেছিলেন ধাওয়ান। ১১ বছরের সেই দাম্পত্য জীবনের আনুষ্ঠানিক ইতি ঘটে ২০২৩ সালে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।