সুখের খোঁজে দাম্পত্য জীবনে তিনবার বিয়ের বন্ধনে আবদ্ধ হন। সুখের সন্ধান করলেও সে আশায় গুড়েবালি। তৃতীয় বিয়ের সংসার না টেকায় দুধ দিয়ে গোসল করে আজীবন বিয়ে না করার শপথ নিলেন নুরুজ্জামান ওরফে আনোয়ার (৩০)।
ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর জাওরানি গ্রামে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নিজের বাড়িতে আয়োজন করে তিনি এ শপথ নেন। এর আগে তাকে গায়ে হলুদ মাখানো হয়। এছাড়া তিনটি ছাগল কুরবানি দিয়ে এলাকাবাসীকে খাওয়ানোর ব্যবস্থা করেন তিনি।
ঘটনায় জানা যায়, ২০১৫ সালে গার্মেন্টসে কাজের সময় গোপালগঞ্জের এক তরুণীর সঙ্গে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আনোয়ারের। বিয়ে হলেও ২০১৯ সালে প্রথম স্ত্রী নানা অজুহাতে তাকে ছেড়ে চলে যান। পরে ভুল নম্বরে ফোন কলের সূত্রে রংপুরের এক নারীর সঙ্গে পরিচয় হয় এবং দ্বিতীয়বার বিয়ে করলেও সংসার টেকেনি। তৃতীয়বারও একইভাবে ভাঙন ঘটে। বারবার দাম্পত্য জীবনের ব্যর্থতায় তিনি আর বিয়ে না করার সিদ্ধান্ত নেন।
আনোয়ার বলেন, জীবনে আর কোনো দিন বিয়ে করব না। নারীদের প্রতি আসক্ত হব না। আগে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলাম, আজ থেকে সেই অবৈধ কাজও ছেড়ে দিলাম।
শপথ ও গোসলের আয়োজনের জন্য বাড়িতে সামিয়ানা টাঙানো হয়। গেট ও প্যান্ডেল সাজানো হয় এবং অতিথি ও এলাকার লোকদের বসার ব্যবস্থা করা হয়। এছাড়া তিনটি ছাগল কুরবানি দিয়ে এলাকাবাসীকে খাওয়ানোর ব্যবস্থা করেন তিনি।
