BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:৫২
আজকের সর্বশেষ সবখবর

সিলেট-৬, প্রভাবশালী প্রার্থী নিয়েও স্বতন্ত্রের চাপে বিএনপি-জামায়াত


ফেব্রুয়ারি ১১, ২০২৬ ২:০৮ অপরাহ্ণ
Link Copied!

আগামীকালের নির্বাচনে সিলেট-৬ বিয়ানীবাজার-গোলাপগঞ্জ আসনে ত্রিমুখী জোর লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। শক্তিশালী প্রার্থী দিয়েও এই আসনে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে রীতিমতো লড়াইয়ের প্রস্তুতি নিতে হচ্ছে বিএনপি ও জামায়াতকে। যার পরিপ্রেক্ষিতে জমজমাট ভোটের আশা স্থানীয়দের।

সিলেট-৬ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে লড়ছেন এমরান চৌধুরী। সেখানে জামায়াতের সেলিম উদ্দিন আছেন দাঁড়িপাল্লা প্রতীকে। তাদের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে আছেন হেলিকপ্টার প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফখরুল ইসলাম। গত রবি ও সোমবার দুই উপজেলার এ তিন প্রার্থীর সর্বশেষ নির্বাচনী সমাবেশে উপস্থিতিই জানান দিচ্ছে তাদের মধ্যে লড়াই হবে হাড্ডাহাড্ডি। একই সঙ্গে গণঅধিকার পরিষদের জাহিদুর রহমানের ট্রাক প্রতীক আলোচনায় থাকলেও জাতীয় পার্টির আব্দুন নূরের লাঙ্গলের অবস্থান পোক্ত নয়।

আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত সিলেট-৬ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সবার লক্ষ্য আওয়ামী লীগের সাধারণ কর্মী-সমর্থকদের ভোট নিজেদের প্রতীকে নিয়ে আসা। সে ক্ষেত্রে এ বিষয়ে যে প্রার্থী সফল হবেন তিনি এ আসনে বিজয়ের মুকুট পরবেন। এক্ষেত্রে অন্যদের চেয়ে এগিয়ে বিএনপির এমরান চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মাওলানা ফখরুল ইসলাম ও জামায়াতের প্রার্থী সেলিম উদ্দিন। আঞ্চলিকতা কাজে লাগিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা নিজেদের দিকে ভোটারদের টানার চেষ্টা করছেন। অপর দিকে সনাতন ধর্মাবলম্বী ভোটারদের আকৃষ্ট করতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা একাধিক সভা, মতবিনিময় ও বৈঠক করে নিজেদের ডেরায় ভেড়ানো বন্দোবস্ত করছেন। এসব ক্ষেত্রে যেসব প্রার্থী ও তাঁর সমর্থকরা মুনশিয়ানার পরিচয় দেবেন তারাই ভোটের মাঠে রাজত্ব করবেন। এদিকে সিলেট-৬ আসনে প্রার্থীদের জয়পরাজয় নির্ধারণ করবে রাজনৈতিক অবস্থানের পাশাপাশি প্রার্থীর ইমেজ ও আঞ্চলিকতার প্রভাব। বিশেষ করে এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী পাঁচ প্রার্থীর মধ্যে চারজনের বাড়ি বিয়ানীবাজার এবং একমাত্র বিএনপির এমরান আহমদ চৌধুরীর বাড়ি গোলাপগঞ্জে।

বিয়ানীবাজারের চেয়ে ৬৪ হাজারের বেশি ভোট গোলাপগঞ্জ উপজেলার। এ আসনে কেন্দ্রভিত্তিক ভোটার ৪ লাখ ৯৯ হাজারের বেশি, পোস্টাল ব্যালট ভোটার ৯ হাজার ৪৯০ জন মিলিয়ে মোট ভোটার ৫ লাখ ৯ হাজার ৯১ জন; যার মধ্যে বিয়ানীবাজারে ২ লাখ ১৭ হাজারের বেশি ভোটার এবং গোলাপগঞ্জে ২ লাখ ৮২ হাজারের বেশি ভোটার রয়েছেন। এদিকে আওয়ামী লীগের তৃণমূলে নেতাকর্মীরা নির্বাচনের দিন কেন্দ্রে ভোট দিতে যাবেন কিনা

সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা দায়িত্বশীলের
কাছে নেই। তবে গত ৭ ফেব্রুয়ারি বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবুল কাশেম পল্লব ফেসবুক লাইভে এসে নেতাকর্মী ও সমর্থকদের ভোট বর্জনে আহ্বান জানিয়েছেন। অজ্ঞাত স্থান থেকে তিনি ১১ মিনিটের ভিডিও লাইভে নেতাকর্মীদের আহ্বান জানান, যে নির্বাচনে নৌকা নেই সে নির্বাচন আওয়ামী লীগ বর্জন করেছে। তাঁর এ ভিডিও ভাইরাল হওয়ায় এ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আওয়ামী লীগের সমর্থকদের কাছে টানতে বেগ পেতে হচ্ছে।

সিলেট-৬ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সবাই নির্বাচনে প্রচারণা শুরু থেকে আওয়ামী লীগের ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন। কোনো মামলায় আসামি না হয়েও সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার পর থেকে আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা পুলিশি হয়রানির মুখে পড়েন।

নিরপরাধ আওয়ামী সমর্থকদের ওপর পুলিশি হয়রানি বন্ধের জন্য সোচ্চার হয়েছিলেন বিএনপি ও জামায়াতের প্রার্থীসহ দলের দায়িত্বশীলরা। এ বিষয়গুলো কাজে লাগিয়ে প্রধান দুই রাজনৈতিক দলের প্রার্থী ও সমর্থকরা আওয়ামী ভোটারদের এলাকাভিত্তিক প্রভাব খাটিয়ে কাছে টানছেন। এক্ষেত্রে পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থী হাফিজ মাওলানা ফখরুল ইসলাম।

নির্বাচনী প্রচারণা, সভা-সমাবেশসহ আওয়ামী লীগের ভোটারদের মন জয় করতে বিএনপি, জামায়াতের প্রার্থীর সঙ্গে জোর প্রচেষ্টা চালাচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরাও। নির্বাচনী মাঠের এসব কৌশল বিবেচনায় ধানের শীষ, দাঁড়িপাল্লা ও হেলিকপ্টারের মধ্যে ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।