আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ) আসন থেকে হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)–এর হাতেগড়া গণমানুষের সংগঠন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করবেন মাওলানা আসাদুজ্জামান মো. আব্দুর রাজ্জাক। তিনি বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ স্পেন শাখার সভাপতি।
দলীয় সূত্রে জানা গেছে, আগামীকাল তিনি সিলেট-৩ আসনের জন্য আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করবেন। এর মধ্য দিয়ে দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জকে অন্তর্ভুক্ত করা সিলেট-৩ আসনে আল ইসলাহর নির্বাচনী তৎপরতা দৃশ্যমান হয়ে উঠবে।
সূত্র জানায়, প্রবাসে অবস্থান করলেও মাওলানা আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে দলের সাংগঠনিক কর্মকাণ্ড ও রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ এই প্রার্থীকে শক্তিশালী অবস্থানে রাখছে।
মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে সিলেট-৩ আসনে আল ইসলাহ, তালামীয এবং আল্লামা ফুলতলী (রহ.)–এর ভক্তবৃন্দ ও নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। নেতৃবৃন্দ মনে করছেন, তার প্রার্থীতা আসন্ন নির্বাচনে দলকে সুসংগঠিত ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জকে অন্তর্ভুক্ত করা সিলেট-৩ আসনকে ঘিরে ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তুতি শুরু হয়েছে।
