BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:১৭
আজকের সর্বশেষ সবখবর

মানসিক ভারসাম্য হারিয়ে ১২ বছর পর দেশে ফিরলেন সুমন


আগস্ট ২৮, ২০২৫ ১২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক : দীর্ঘ ১২ বছর পর মানসিক ভারসাম্য হারানো অবস্থায় দেশে ফিরলেন লক্ষ্মীপুরের সদর উপজেলার রতনপুর গ্রামের যুবক মো. সুমন (৩৫)। বুধবার ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রবাসী কল্যাণ ডেস্কের অ্যাম্বুল্যান্সে করে তাকে গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ব্র্যাকের নোয়াখালী মাইগ্রেশন অ্যান্ড রিইন্টিগ্রেশন সাপোর্ট সেন্টারের সেক্টর স্পেশালিস্ট নাহিদ জুলফিকার।

পরিবার জানায়, প্রায় ৮ মাস ধরে সুমনের সঙ্গে তাদের কোনো যোগাযোগ ছিল না। বিদেশে থাকা স্বজনদের সঙ্গেও যোগাযোগ করে খোঁজ মেলেনি। অবশেষে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি ছড়িয়ে পড়লে স্বজনরা তাকে চিনতে পারেন। পরে বুধবার দুপুরে ঢাকার বিমানবন্দর থেকে বড় ভাই মো. মামুনের কাছে সুমনকে হস্তান্তর করা হয়।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে ওমান থেকে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকায় ফেরেন তিনি। তার কাছে কোনো পাসপোর্ট ছিল না। বিমানবন্দরে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের তত্ত্বাবধানে রাখা হয়।

পরিবারের সদস্যরা জানান, সুমন প্রথমে ওমানে একটি কোম্পানিতে চাকরি করতেন। পরে টেইলার্স ও বোরকার দোকান দিয়ে ব্যবসা শুরু করলেও ক্ষতিগ্রস্ত হন। এরপর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। গত ১২ বছরে একবারও দেশে ফিরতে পারেননি।

বড় ভাই মামুন জানান, সুমন তাকে চিনতে পারলেও অন্য ভাইকে চিনতে পারেনি। তাদের ধারণা, তিনি বিদেশে মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। মা নাজমুন নাহার বলেন, “ছেলে বাড়ি ফিরেছে, এতেই আমি শান্তি পাচ্ছি। দোয়া করি দ্রুত সুস্থ হয়ে উঠুক।

এ বিষয়ে ব্র্যাকের নোয়াখালী মাইগ্রেশন অ্যান্ড রিইন্টিগ্রেশন সাপোর্ট সেন্টারের সেক্টর স্পেশালিস্ট নাহিদ জুলফিকার বলেন, মানসিক ভারসাম্যহীন অবস্থায় দেশে ফিরেছেন এমন প্রবাসীদের খুঁজে পাওয়া প্রায়ই কঠিন হয়ে পড়ে। গত আট বছরে ব্র্যাকের উদ্যোগে ১৪৮ জন প্রবাসীকে পরিবারের কাছে ফেরানো হয়েছে, যার মধ্যে শুধু ২০২৪ সালেই ৪০ জনকে উদ্ধার করা হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।