BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৩১
আজকের সর্বশেষ সবখবর

ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় নিয়ে বিক্রি


আগস্ট ৪, ২০২৫ ১২:১৭ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : ‘ভালো বেতন, উন্নত জীবন’-এই আশ্বাসেই যুবকদের ইউরোপ পাঠানোর প্রলোভন দেখান মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া গ্রামের আলাই কারিকরের ছেলে জামাল কারিকর। তার দাবি ছিল, সামান্য ঝুঁকি নিয়ে মাত্র তিন ঘণ্টায় জলপথে পৌঁছে দেয়া হবে ইতালিতে।

কিন্তু বাস্তব চিত্র ছিল ভয়ঙ্কর। যুবকদের প্রথমে লিবিয়ায় নিয়ে গিয়ে হাত-পা বেঁধে চালানো হয় অমানবিক নির্যাতন। সিনেমার মতো কায়দায় তাদের উপর চলে শারীরিক নির্যাতন, যা মোবাইলে ধারণ করে পাঠানো হয় স্বজনদের কাছে। সন্তান বা প্রিয়জনের এমন বীভৎস দৃশ্য দেখে ভেঙে পড়ছেন পরিবারগুলো। কেউ কেউ প্রাণ হারিয়েছেন, আবার কারও শরীরে নির্যাতনের ক্ষতস্থানে ধরে পোকা।

পরিবারগুলো সন্তানকে উদ্ধারের আশায় দালালদের দাবি করা মুক্তিপণের টাকা জোগাড় করতে গিয়ে হারাচ্ছেন সহায়-সম্বল। জমি বিক্রি, ধার-দেনা-সবকিছু করেও শান্তি মিলছে না। কারণ মুক্তিপণ দিলেও অনেক সময় ফিরিয়ে দেয়া হচ্ছে না যুবকদের। আর কেউ যদি প্রতিকার চাইতে থানায় যান বা মামলা করেন, তখন শুরু হয় উল্টো হয়রানি। জামাল কারিকরের পক্ষ থেকে দেয়া হয় পাল্টা মিথ্যা মামলা। ফলে ন্যায়ের বদলে অনেক ভুক্তভোগীকেই ঠেলে দেয়া হচ্ছে হয়রানির চক্রে।

মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের ঘুনসি গ্রামের একাধিক যুবকের জীবনে ভয়াবহ ট্র্যাজেডির জন্ম দিয়েছেন মানবপাচারকারী চক্রের সদস্যরা। সরেজমিনে পাওয়া তথ্য অনুযায়ী, গ্রামেরই একাদশ শ্রেণির ছাত্র হাসান হাওলাদার ২০২২ সালে উন্নত জীবনের আশায় ১৩ লাখ টাকার বিনিময়ে স্পন্সর ভিসায় ইতালি যাওয়ার চুক্তি করেন স্থানীয় দালাল জামাল কারিকরের সঙ্গে। প্রথমে তাকে নেয়া হয় দুবাই, সেখান থেকে লিবিয়ায়। এরপর বিক্রি করে দেয়া হয় স্থানীয় মাফিয়ার কাছে।

লিবিয়ায় পৌঁছানোর পর শুরু হয় দুর্বিষহ নির্যাতন। আরও ৫ লাখ টাকা মুক্তিপণ আদায়ের জন্য হাসানকে শারীরিকভাবে নিপীড়ন করা হয়। দীর্ঘদিন ধরে তার সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ নেই। এই গ্রামেরই আরেক যুবক, রুহুল শেখ, একই দালাল চক্রের নির্মম নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারান। তার মৃত্যুরও সুষ্ঠু তদন্ত বা বিচার হয়নি। মিন্টু হাওলাদার নামে আরও এক যুবক ইতালি যাওয়ার আশায় ১৮ মাস আগে বাড়ি ছাড়েন। তাকেও লিবিয়ায় জিম্মি করে নির্যাতন চালানো হয়। পরে তাকে উদ্ধারে পরিবারকে দিতে হয় ২০ লাখ টাকা।

এদিকে মিঠু দাসকেও একই দালালের কাছে জিম্মি দশায় গুনতে হয়েছে মোটা অংকের টাকাও। এমন কি এই দালাল ছাড়েনি বৃদ্ধ শাহ আলমকেও। শুধু হাসান হাওলাদার, মিন্টু হাওলাদার, মিঠু দাস, শাহ আলম নয়। অবৈধপথে ইতালি যাবার সময় লিবিয়ার মাফিয়াদের হাতে জিম্মি মাদারীপুরের শিরখাড়া এলাকার অর্ধশত যুবক। দালাল জামাল কারিকর আওয়ামী লীগের ঘনিষ্ঠ হওয়ায় কেউ কিছু বলার সাহস পেতো না। মামলা করে অনেক ভুক্তভোগী উল্টো জেল খেটেছে। এই দালালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।

স্থানীয়দের দাবি, মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া গ্রামের আলাই কারিগরের ছেলে জামাল কারিগর দীর্ঘদিন ধরে মানবপাচারের ভয়ঙ্কর সিন্ডিকেট পরিচালনা করে আসছে। ইউরোপে পাঠানোর লোভ দেখিয়ে অর্ধশতাধিক যুবককে লিবিয়ায় পাঠিয়ে সেখানে অমানবিক নির্যাতনের মাধ্যমে তাদের পরিবারের কাছ থেকে কোটি কোটি টাকা মুক্তিপণ আদায় করছে এই চক্র। এরপরেও সেখানকার তথাকথিত ‘গেমঘরে’ আটকে রেখে চালানো হয় চরম নির্যাতন। নির্যাতনের ছবি, ভিডিও ও ভয়েস রেকর্ড পাঠিয়ে স্বজনদের কাছে টাকা দাবি করা হয়। পরিবার থেকে টাকা না এলে চলে আরও নির্যাতন।

ঘুনসি গ্রামের হায়দার হাওলাদারের ছেলে হাসান হাওলাদার তেমনই শিকার। তার বাবা হায়দার হাওলাদার বলেন, ‘আমার ছেলেকে লিবিয়ায় আটকে রেখে নির্যাতন করে ১৫ লাখ টাকা আদায় করেছে। আমি মামলা করেছিলাম, কিন্তু জামাল উল্টো আমার বিরুদ্ধেই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। আমাকে জেলও খাটতে হয়েছে।’

উত্তর শিরখাড়া গ্রামের মিন্টু হালদারসহ আরও অনেকে একইভাবে প্রতারিত হয়েছেন। কয়েক বছর আগে রুহুল আমিন শেখ নামের এক যুবক এই চক্রের নির্যাতনে প্রাণ হারান। কিন্তু সেই মামলার বিচার আজও হয়নি।

ভুক্তভোগী শাহ আলম মাতুব্বর বলেন, ‘জামাল ইতালি পাঠানোর কথা বলে ১২ লাখ টাকা নেয়। পরে লিবিয়ার মরুভূমিতে আটকে রেখে তার লোকজন আমাকে চাবুক দিয়ে পেটায়। আমি এর কঠোর বিচার চাই।’

পুলিশ সূত্রে জানা গেছে, জামাল কারিগরের বিরুদ্ধে মাদারীপুর সদরসহ বিভিন্ন থানায় অন্তত ১০টির বেশি মামলা রয়েছে। কিন্তু প্রতিবারই সে জামিনে বেরিয়ে এসে আরও বেপরোয়া হয়ে ওঠে। ভুক্তভোগীদের ও সাক্ষীদের ভয় দেখিয়ে উল্টো মামলা দিয়ে হয়রানি করছে বলেও অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী হাসান হাওলাদারের মা রিনা বেগম বলেন, ভিটেমাটি বিক্রি করে টাকা দিয়েও মিলছে না মুক্তি। আমরা দালাল জামালের বিচার চাই।

আরেক ভুক্তভোগী মিন্টু হাওলাদারের মা সাবিনা বেগম বলেন, দালাল জামাল কারিগর আমার ছেলেকে লিবিয়ায় মাফিয়ার কাছে বিক্রি করে দিয়েছে। শুধু আমার ছেলেকে নয় এমন শত শত ছেলেদের জীবন ধ্বংস করেছে। জিম্মি করে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা।

এদিকে দালাল জামাল কারিকর এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমার নামে মিথ্যা অভিযোগ দিয়েছে। আমার ছেলেকেই আমি অনেক টাকা খরচ করে ইতালি পাঠিয়েছি। আমি কাউকে হুমকি-ধমকিও দিইনি। আমি একজন ব্যবসায়ী মানুষ।’

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা বলেন, ‘দালালদের দ্রুত আইনের আওতায় আনা হবে। দালালদের ভয়ভীতি দেখানো সুযোগ নেই।’

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব বলেন, ‘ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দালালদের তালিকা করা হয়েছে। দালালদের এই তালিকা জেলার বিভিন্ন হাট বাজারে টানিয়ে দেয়া হবে।’

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।