BD SYLHET NEWS
সিলেটরবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৫১
আজকের সর্বশেষ সবখবর

সীমান্তে টিকটক করতে গিয়ে বিএসএফের হাতে আটক দুই তরুণ


জুন ১৮, ২০২৫ ১২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : নওগাঁর সাপাহার সীমান্ত এলাকায় বেড়া ধরে টিকটক ভিডিও ও সেলফি তোলার সময় দুই কলেজছাত্রকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)। পরবর্তীতে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি আটকদের উদ্ধার করে পুলিশে সোপর্দ করেছে।

বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার (১৭ জুন) দুপুরে সাপাহার থানার ওসি আব্দুল আজিজ বলেন, ‘বিজিবির অভিযোগের ভিত্তিতে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে মামলা করে নওগাঁ কোর্টে পাঠানো হয়েছে।’

গতকাল সোমবার (১৬ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে সাপাহার উপজেলার আইহাই ইউনিয়নের বামনপাড়া সীমান্ত এলাকার ২৪৬ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- বদলগাছি উপজেলার ধুলাপাড়া গ্রামের আফাজ উদ্দীনের ছেলে মোহাম্মদ মিনহাজুল ইসলাম (২৩) ও পাতকোলা গ্রামের আনিছুর রহমানের ছেলে মোহাম্মদ তামিম আহমেদ সৌরভ (২৩)। তাদের মধ্যে মিনহাজুল নওগাঁ ডিগ্রি কলেজের ও তামিম সাপাহার সরকারি ডিগ্রি কলেজের ছাত্র।

জানা গেছে, গতকাল সোমবার মিনহাজুল ও তামিম মিলে বেলা সাড়ে ৩টার দিকে সাপাহার উপজেলার আইহাই ইউনিয়নের বামনপাড়া সীমান্ত এলাকার দিকে যান। তারা সীমান্তে কাঁটাতারের বেড়া ধরে টিকটক ভিডিও ধারণ ও সেলফি তোলেন।

এ সময় ভারতীয় বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যান।

পরে খবর পেয়ে বামনপাড়া বিওপির নায়েক সুবেদার আবু তালেব সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে বাংলাদেশি দুই ছাত্রকে উদ্ধারের চেষ্টা শুরু করেন। এরপর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক শেষে বিজিবি আটক ওই দুই ছাত্রকে উদ্ধার করে। পরে রাত সাড়ে ৯টার দিকে সাপাহার থানায় তাদের সোপর্দ করে বিজিবি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।