BD SYLHET NEWS
সিলেটবুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৫২
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে হাম উপসর্গে নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু


মে ১৯, ২০২৬ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪০ জনে। এদের সবাই শিশু। একই সময়ে হাম উপসর্গ নিয়ে আরো ৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। ফলে বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল ২৮১ জনে।

মঙ্গলবার (১৯ মে) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় এসব তথ্য নিশ্চিত করেছে।

তাদের দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে আজ পর্যন্ত বিভাগে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪০ জনে।

মারা যাওয়া শিশুরা হলো মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বাসিন্দা পলাশ কাহেরের ৬ মাস বয়সী মেয়ে ইশিতা কাহের, একই জেলার সদর উপজেলার বড়বাড়ি সামরাবাজার এলাকার সুজিত নমঃশুদ্রের ৯ মাস বয়সী মেয়ে সুস্মিতা এবং সিলেট নগরের পীরমহল্লা এলাকার তৌহিদ আলীর ৯ মাস বয়সী মেয়ে লাবিবা।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৯২ জনের মধ্যে ২৯ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং ২৫ জন সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৫ জন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতাল পাঁচজন করে, হবিগঞ্জ সদর হাসপাতালে ৪ জন, রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে, পার্কভিউ মেডিক্যাল হাসপাতাল ও শান্তিগঞ্জ উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন করে এবং নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতাল, মাউন্ট এডোরা হাসপাতাল ও দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে প্রায় ২৮১ রোগী চিকিৎসাধীন। এর মধ্যে সবচেয়ে বেশি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি রয়েছে প্রায় ৭০ জন, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৭৭ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪৮ জন ভর্তি রয়েছেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।