BD SYLHET NEWS
সিলেটবুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:০৫
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে হানিট্র্যাপের ফাঁদে চক্রের এক সদস্য আটক


মে ৬, ২০২৬ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে হানিট্র্যাপ চক্রের ফাঁদে পড়ে এক যুবক সর্বস্বান্ত হয়েছেন। এ ঘটনায় র‌্যাব অভিযান চালিয়ে ওই চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে। বুধবার (৬ মে) তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সিলেট মহানগরীর শাহপরাণ থানাধীন মীরেরচক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হানিট্র্যাপ চক্রের সদস্য বকুল আহমদ জিহাদ গোলাপগঞ্জ উপজেলার তুরুকভাগ গ্রামের রমিজ উদ্দিনের ছেলে।

মামলার বরাত দিয়ে র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সোহাগ জানান, গোলাপগঞ্জ উপজেলার বাদে রণকেলী গ্রামের এক যুবক তার পূর্ব পরিচিত আবদুল জলিল নামের এক ব্যক্তির মাধ্যমে জেসমিন আক্তার নামের এক তরুণীর সাথে পরিচিত হন। সেই সুবাধে জেসমিনের সাথে ওই যুবকের ফোনালাপ হতো।

গত ৯ এপ্রিল রাত ৮টা ২০ মিনিটের দিকে ওই যুবক তার এক বন্ধুকে নিয়ে সিলেট নগরীর যতরপুরের একটি বাসায় দেখা করতে যান। সেখানে হানিট্র্যাপ চক্রের সদস্যরা তাদেরকে আটকে ধারালো অস্ত্র দিয়ে ভয়ভীতি প্রদর্শন ও ইলেকট্রিক শক দিয়ে বিবস্ত্র অবস্থায় ভিডিও ধারণ করে। তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন সেট, নগদ ১৫ হাজার টাকা, ১টি রূপার চেইন ও ব্রেসলেট ছিনিয়ে নেয়। এরপর ১০ লাখ টাকা চাঁদা দাবি করে ওই চক্রটি। টাকা না দিলে মোবাইলে ধারণকৃত আপত্তিকর ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। বাধ্য হয়ে ওই দুই যুবক পরিচিজ বিভিন্ন জনের কাছ থেকে বিকাশে ৯০ হাজার টাকা এনে দিয়ে মুক্তি পান।

এ ঘটনায় সিলেট কোতোয়ালী থানায় মামলা দায়ের হলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং এর ধারাবাহিকতায় বকুল আহমদ জিহাদকে গ্রেফতার করে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।