BD SYLHET NEWS
সিলেটবুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৩৬
আজকের সর্বশেষ সবখবর

সিলেট থেকে এবার হজ পালন করছেন ৩৩৯৪ জন


মে ৩, ২০২৬ ১১:৩২ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক ::- বৃহত্তর সিলেট অঞ্চলের হজযাত্রীদের পবিত্র হজ পালন উপলক্ষে সৌদি আরব যাত্রার সর্বশেষ প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব), সিলেট অঞ্চল।

রোববার সিলেটের হাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সেক্রেটারি মুহাম্মদ আব্দুল কাদির জানান, প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট চালু হতে যাচ্ছে, যা সিলেটবাসীর জন্য গর্বের বিষয়। তিনি জানান, আগামী ৪ মে ২০২৬ রাত ১টা ২৫ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইটটি মদিনার উদ্দেশ্যে যাত্রা করবে। এ ফ্লাইটকে ঘিরে সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
তিনি সকল হজযাত্রীকে আন্তরিক মোবারকবাদ জানান এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে সাংবাদিক ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন যাতে পুরো কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

লিখিত বক্তব্যে তিনি আরও জানান, গত বছরের মতো এবারও সিলেট থেকে মোট ৭টি হজ ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে একটি মদিনাগামী এবং বাকি ছয়টি জেদ্দাগামী। এ বছর সিলেট অঞ্চলের মোট হজযাত্রীর সংখ্যা ৩,৩৯৪ জন। এর মধ্যে ২,৯৩৩ জন সরাসরি সিলেট থেকে ৭টি ফ্লাইটে সৌদি আরব যাবেন এবং অবশিষ্ট ৪৬১ জন ঢাকা হয়ে সৌদি আরবে গমন করবেন।

‘রোড টু মক্কা’ কর্মসূচির আওতায় ঢাকা বিমানবন্দরে বাংলাদেশ ও সৌদি আরবের ইমিগ্রেশন সম্পন্ন হবে। তবে সিলেট থেকে যাত্রাকারী হজযাত্রীদের ইমিগ্রেশন সৌদি আরবেই সম্পন্ন হবে। প্রথম ফ্লাইট ছাড়া বাকি ফ্লাইটগুলো সিলেট-জেদ্দা রুটে পরিচালিত হবে। এসব ফ্লাইটের নির্ধারিত তারিখ ১৪, ১৫, ১৬, ১৭ (দুটি ফ্লাইট) এবং ১৮ মে।

এ বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৭৮,৫০০ জন হজযাত্রী হজ পালন করবেন। সৌদি সরকারের নির্ধারিত কোটা অনুযায়ী প্রতি এজেন্সির জন্য ন্যূনতম ২,০০০ জন হজযাত্রী নির্ধারণ করা হলেও সিলেট অঞ্চলে এ কোটা পূরণে বড় কোনো সমস্যা হয়নি।
সিলেট অঞ্চলে মোট ৩০টি হজ এজেন্সি কার্যক্রমে যুক্ত থাকলেও এ বছর ২৩টি এজেন্সি নিবন্ধন কার্যক্রমে অংশ নেয়। এসব এজেন্সির সম্মিলিত প্রচেষ্টায় হজযাত্রীদের নিবন্ধন, সৌদি আরবে আবাসন ব্যবস্থা ও ভিসা কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

এছাড়া, ‘সিলেট অ্যালায়েন্স হজ ২০২৬’ নামে একটি সমন্বিত প্ল্যাটফর্মের মাধ্যমে লিড এজেন্সি হিসেবে বাংলাদেশ ওভারসিজ সার্ভিসেসের লাইসেন্সের অধীনে হজ কার্যক্রম পরিচালিত হচ্ছে—যা সমন্বিত ব্যবস্থাপনার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

সংবাদ সম্মেলনে মুহাম্মদ আব্দুল কাদির বলেন, অতীতের মতো ভবিষ্যতেও হজযাত্রীদের সার্বিক কল্যাণে হাব, সিলেট অঞ্চল সবসময় পাশে থাকবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।