সিলেটে ট্রাক ও নির্মাণ শ্রমিকবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৭ শ্রমিক নিহত হয়েছেন।
রোববার (৩ মে) সকাল ৬টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত সবাই নির্মাণ শ্রমিক ও পিকআপ শ্রমিক বলে জানা গেছে। তবে এখনও তাদের পুরো নাম-পরিচয় জানা যায়নি।
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা গেছেন। ইতোমধ্যে তারা উদ্ধার কাজ শুরু করেছে।
কাঁঠাল বোঝাই ট্রাক ও নির্মাণ শ্রমিক বহনকারী ডিআই পিকআপের মুখোমুখি সংঘর্ষে তাৎক্ষণিক ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলেও জানান তিনি।
পুলিশ জানায়, সিলেট থেকে ডিআই পিকআপে করে কয়েকজন নির্মাণ শ্রমিক সুনামগঞ্জ যাচ্ছিলেন। তেলিবাজার ব্রিজের কাছে যাওয়ার পর একটি ট্রাকের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা ৭ জন মারা যান। আহত হন আরও কয়েক জন।
