BD SYLHET NEWS
সিলেটরবিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:০৪
আজকের সর্বশেষ সবখবর

যথাযোগ্য মর্যাদায় সিলেটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


ফেব্রুয়ারি ২১, ২০২৬ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

যথাযোগ্য মর্যাদায় সিলেটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। একুশের প্রথম প্রহরেই জেলা-উপজেলায় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষার অধিকারের জন্য জীবন উৎসর্গ করা শহীদদের প্রতি শদ্ধা জানিয়েছেন মানুষ।

রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি আন্দোলনরত ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণে সালাম, বরকত, রফিক, জব্বারসহ অনেকেই শহীদ হন।

তাদের আত্মত্যাগের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে ১৯৯৯ সালে ইউনেসকো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে। সেই থেকে বিশ্বজুড়ে দিবসটি ভাষার মর্যাদা ও সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষার অঙ্গীকার নিয়ে পালিত হয়ে আসছে। পাশাপাশি দেশে দিনটি শহীদ দিবসটি পালিত হয়ে আসছে।

মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নেমেছিল।

শুক্রবার মধ্যরাত থেকেই শহীদ মিনারে জড়ো হতে থাকেন নানা শ্রেণিপেশার মানুষ। রাত ১২টা ১মিনিট থেকে শুরু হয় পুষ্পস্তবক অর্পণ।

প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারি, মুক্তিযোদ্ধরা, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণিপেশার মানুষ।

পুষ্পার্ঘ্য অর্পণ শেষে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, “মাতৃভাষা দিবস এদেশের জাতীয় জীবনের অনন্য এক দিন। এই দিবসে সর্বস্তরে মাতৃভাষা চর্চা হোক আগামীর অঙ্গীকার।”

এদিকে, দিবসটি উপলক্ষে শনিবার সকাল ৮টায় প্রভাতফেরি আয়োজন করেছে সম্মিলিত নাট্য পরিষদ। নগরীর রিকাবীবাজার এলাকায় কবি নজরুল অডিটোরিয়াম থেকে প্রভাতফেরি এসে মিলিত হয় কেন্দ্রীয় শহীদ মিনারে।

পাশাপাশি জেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। দিবসটি উদযাপনে নগরের চৌহাট্টা এলাকায় শহীদ মিনারে সামনের রাস্তায় আলপনাও আঁকা হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।