তারুণ্যের ভাবনায় আগামীর সিলেট। প্রশ্ন উত্তরে মুখরিত হল তরুণ প্রজন্ম। তারুণ্যের চিন্তা, স্বপ্ন ও প্রত্যাশাকে সামনে রেখে আজ সিলেটে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী আয়োজন “তারুণ্যের ভাবনায় আগামীর সিলেট”।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে তরুণদের সরাসরি প্রশ্নের মুখোমুখি হয়েছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান (এলএল.বি)।
দরগাহ গেইটের কেমুসাস হল (মুসলিম সাহিত্য সংসদ) মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের সভাপতি ছাত্রনেতা যাকাওয়াত চৌধুরী পাশা ।
অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থী, তরুণ ও সচেতন যুবসমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে তরুণরা সিলেটের উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা, পরিবেশ, নগর ব্যবস্থাপনা, সুশাসন ও রাজনীতিতে তরুণদের ভূমিকা নিয়ে একের পর এক জ্ঞানভিত্তিক প্রশ্ন উত্থাপন করেন। প্রতিটি প্রশ্নের উত্তরে মাহমুদুল হাসান তার দায়িত্বশীল রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও আগামীর সিলেট নিয়ে সুস্পষ্ট ভিশন তুলে ধরেন। তিনি বলেন, “সিলেটের ভবিষ্যৎ নির্ভর করছে তারুণ্যের চিন্তা ও নেতৃত্বের ওপর। আমি চাই তরুণরা রাজনীতিকে পরিবর্তনের হাতিয়ার হিসেবে দেখুক, ক্ষমতার লড়াই হিসেবে নয়।” তিনি আরও বলেন, সিলেটকে চাঁদাবাজি, বৈষম্য ও অবহেলার রাজনীতি থেকে মুক্ত করে একটি ন্যায়ভিত্তিক ও কর্মসংস্থানমুখী জনপদে রূপান্তর করাই তার লক্ষ্য।
অনুষ্ঠানজুড়ে তরুণদের প্রাণবন্ত অংশগ্রহণে মিলনায়তনে সৃষ্টি হয় আশাবাদী ও ইতিবাচক পরিবেশ। আয়োজকরা জানান, এমন আয়োজন তরুণ সমাজকে সচেতন ও দায়িত্বশীল নেতৃত্বের পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
