BD SYLHET NEWS
সিলেটসোমবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৪০
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে জামায়াত ছেড়ে বিএনপিতে গণযোগদান


ফেব্রুয়ারি ৮, ২০২৬ ৯:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

বিডি সিলেট প্রতিবেদক::-সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোড়ন। গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে জামায়াতে ইসলামীর সেক্রেটারি, লালনগর গ্রামের আশিকুর রহমানসহ একাধিক নেতাকর্মী আনুষ্ঠানিক ভাবে জামায়াতে ইসলামী পরিত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।

শনিবার এক অনাড়ম্বর কিন্তু উৎসবমুখর আয়োজনে নবাগত নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিএনপিতে বরণ করে নেন যুক্তরাজ্য বিএনপির প্রভাবশালী নেতা মুজিবুর রহমান মুজিব এবং যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আলম। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপির সাংগঠনিক শক্তি দিনদিন বৃদ্ধি পাচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিএনপিতে যোগ দিচ্ছেন, যা প্রমাণ করে বিএনপির প্রতি জনগণের আস্থা ও সমর্থন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি।

তারা আরও বলেন, গোলাপগঞ্জের মতো গুরুত্বপূর্ণ এলাকায় জামায়াতের দায়িত্বশীল নেতাদের বিএনপিতে যোগদান তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে। এতে করে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে বিএনপি আরও গতিশীল ভূমিকা রাখতে পারবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নবাগত নেতাকর্মীরা তাদের বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে জনগণের মৌলিক অধিকার, গণতন্ত্র ও সুশাসনের পক্ষে কাজ করার আকাঙ্ক্ষা থেকেই তারা বিএনপিতে যোগদান করেছেন। বিএনপির আদর্শ, নেতৃত্ব ও দেশপ্রেমিক রাজনীতিতে অনুপ্রাণিত হয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তারা।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গোলাপগঞ্জে এই যোগদান বিএনপির জন্য একটি বড় রাজনৈতিক সাফল্য। এতে করে এলাকায় বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হবে এবং ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

এই গণযোগদানের খবরে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে আলোচনা ও প্রশংসা।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।