বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের কাছে গ্রহণযোগ্য হলে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তানেরা দেশে ফিরে রাজনীতিতে অংশ নিতে পারবেন। রাজনীতি করা প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) যুক্তরাজ্যভিত্তিক বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
হাসিনার সন্তানেরা দেশে ফিরে রাজনীতি করতে পারবেন কি না এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ‘যদি কেউ জনগণের কাছে গ্রহণযোগ্য হয়, জনগণ যদি তাদের স্বাগত জানায়, তাহলে যে-কারো রাজনীতি করার অধিকার আছে।’
উল্লেখ্য, আসন্ন জাতীয় নির্বাচনে শেখ হাসিনার দল আওয়ামী লীগের অংশগ্রহণে নিষেধাজ্ঞা রয়েছে। তার ক্ষমতাচ্যুতির আগেই দলের অনেক জ্যেষ্ঠ নেতা ও পরিবারের সদস্য বিদেশে অবস্থান করছিলেন, আর কেউ কেউ সরকার পতনের সময় দেশ ছাড়েন।
একই সাক্ষাৎকারে তারেক রহমান জাতীয় সরকার গঠনের বিষয়ে জামায়াতে ইসলামীর প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, বিএনপি এককভাবেই সরকার গঠন করবে বলে আত্মবিশ্বাসী।
তার ভাষায়, ‘আমি কীভাবে আমার রাজনৈতিক প্রতিপক্ষদের সঙ্গে সরকার গঠন করব? তাহলে বিরোধী দলে কে থাকবে?’
তিনি আরও বলেন, জামায়াত যদি বিরোধী দলে থাকে, তাহলে তাদের কাছ থেকে একটি কার্যকর বিরোধী দলের ভূমিকা আশা করেন।
বিএনপির জ্যেষ্ঠ নেতারা জানিয়েছেন, সংসদের ৩০০ আসনের মধ্যে দলটি দুই-তৃতীয়াংশের বেশি আসন পাবে বলে তারা আশাবাদী। বিএনপি সরাসরি ২৯২টি আসনে প্রার্থী দিয়েছে, বাকি আসনগুলো মিত্রদের জন্য ছেড়ে দেওয়া হয়েছে।
সাক্ষাৎকারে ভারত ও চীনের সঙ্গে সম্পর্কের বিষয়ে তারেক রহমান বলেন, বাংলাদেশ যে দেশের সঙ্গেই সম্পর্ক গড়বে, তা হবে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব বিবেচনায় রেখেই।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, পরিস্থিতি নিরাপদ হলে রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হবে। তবে নিরাপদ পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা বাংলাদেশে থাকতে পারবেন।
