বিডি সিলেট:- সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগের দ্রুত তৎপরতায় চুরি হওয়া একটি ছাগল উদ্ধার ও দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে দক্ষিণ সুরমা থানাধীন মার্কাজ পয়েন্ট এলাকায় দায়িত্ব পালনকালে ট্রাফিক সার্জেন্ট মোঃ জাহিদ হাসান ও তার সঙ্গীয় ফোর্স একটি সিএনজি অটোরিকশা (নম্বর: সিলেট-থ ১১-২৫৬৬) কে থামার সংকেত দেন। কিন্তু চালক সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যায়।
চালকের গতিবিধি সন্দেহজনক মনে হলে সার্জেন্ট জাহিদ হাসান মোটরসাইকেলযোগে ধাওয়া করে সেলফি ব্রিজ এলাকায় গাড়িটি আটক করেন। পরবর্তীতে তল্লাশি চালিয়ে দেখা যায়, গাড়ির যাত্রী দেলোয়ার ও পারভেজ-এর কাছে একটি ছাগল রয়েছে।
জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করে যে ছাগলটি মোগলাবাজার এলাকা থেকে চুরি করে বিক্রয়ের উদ্দেশ্যে বন্দরবাজারের লালবাজারে নিয়ে যাচ্ছিল।
ট্রাফিক পুলিশ উদ্ধারকৃত ছাগল ও সিএনজি জব্দ করে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করেছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার কর্তব্যরত কর্মকর্তা।
