BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৩৬
আজকের সর্বশেষ সবখবর

নাম্বারবিহীন সিএনজি অটোরিকশা সিলেটের বিভিন্ন সড়কে!


অক্টোবর ২৩, ২০২৫ ৯:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

মাহমুদ হোসেন খান ::- সিলেটের বিভিন্ন উপজেলার সড়কে অবাধে চলাচল করছে নাম্বারবিহীন সিএনজি অটোরিকশা। এসব অটোরিকশার কোনো রেজিস্ট্রেশন বা বৈধ কাগজপত্র নেই। ফলে দুর্ঘটনা ঘটলে গাড়ির মালিক বা চালককে শনাক্ত করা যাচ্ছে না, এতে সাধারণ মানুষ পড়ছেন বিপদে।

স্থানীয়দের অভিযোগ, সিলেট সদর, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, জকিগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, বিশ্বনাথ, জকিগঞ্জসহ বেশ কয়েকটি উপজেলায় প্রতিদিন অসংখ্য নাম্বারবিহীন সিএনজি চলাচল করছে। এসব সিএনজি অনেক সময় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ভাড়া ভিত্তিতে রাস্তায় নামানো হয়।

নিয়ম না মেনে চলা এসব অটোরিকশা শুধু যে ট্রাফিক বিশৃঙ্খলা বাড়াচ্ছে তা নয়, বরং দুর্ঘটনার ঝুঁকিও দিন দিন বাড়াচ্ছে। অনেক সময় চালকেরা বেপরোয়া গতি তুলছেন, ফলে পথচারী ও যাত্রী উভয়ই থাকছেন ঝুঁকিতে।

একজন যাত্রী বলেন, “নাম্বারবিহীন সিএনজিগুলোর চালকরা অনেক সময় গতি বাড়িয়ে চালান। দুর্ঘটনা ঘটলে তাদের খুঁজে পাওয়া যায় না। এতে ক্ষতিপূরণও মেলে না।”

এ বিষয়ে সিলেট জেলা ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা জানান, “নাম্বারবিহীন সিএনজি ধরতে নিয়মিত অভিযান চলছে। অনেক অটোরিকশা জব্দও করা হয়েছে। তবে এলাকাভিত্তিক নজরদারি আরও বাড়ানো দরকার।”

এ দিকে সচেতন মহল বলছে, প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদেরও এ বিষয়ে উদ্যোগ নেওয়া প্রয়োজন। না হলে সড়কে নাম্বারবিহীন সিএনজির দৌরাত্ম্য আরও বাড়বে এবং সড়ক নিরাপত্তা হুমকির মুখে পড়বে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।