BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫৬
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত যুবক, আহত অর্ধশত


এপ্রিল ১৩, ২০২৩ ৯:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডটকম : হবিগঞ্জের বানিয়াচংয়ে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে সুব্রত দাস (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত সুব্রত দাশ উপজেলার মশাকলি গ্রামের যশের দাসের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৫০ জন। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে টেটাবিদ্ধ অবস্থায় ৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মশাকলি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

পুলিশ জানায়, মশাকলি গ্রামের সুধাম দাশ ও গৌরাঙ্গ দাশের মধ্যে জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে সম্প্রতি পুলিশ কয়েকজনকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করে। এরই জের ধরে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) পুনরায় উত্তেজনা দেখা দিলে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়। আহত অবস্থায় মিন্টু দাশ, রাকেশদাশ, জুয়েল দাশ, বিকাশ দাশ, কালি দাশ, শুকেস দাশ, জয় কালী দাশ, গোলক দাশ, গোপী দাশ, গোরাঙ্গ দাশ, অমৃত দাশ, শ্রীকৃষ্ণ দাশ, শুদাংশু দাশ, জন্টু দাশ, বিষ্ণু দাশ, দিলীপ দাশ, গোল পল্লব দাশ, রাম গোপাল দাশ, সুভাষ দাশ, সুনীল দাস, নিতাই দাস, কিরন, বিমল দাশ, ঝুমা দাশ, শুভ্রকর দাশকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, জমি জমা সংক্রান্ত বিরোধ নিয়ে সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। ফের সংঘর্ষ এড়াতে পুলিশ ঘটনাস্থলে আছে। এছাড়াও এ ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।