সিলেটের গোয়াইনঘাটে বাড়ির সীমানায় টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে চাচাতো ভাইদের উপর্যুপরি ছুরিকাঘাতে জাহাঙ্গীর আলম (২৭) নামে এক যুবক খুন হয়েছেন।
সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়নের ইসলামপুর (দুভাগ) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম ওই গ্রামের ময়না মিয়ার ছেলে। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই অভিযুক্ত আমির হোসেনকে আটক করেছে পুলিশ।
তিনি বাড়ির মৃত রফিক মিয়ার ছেলে ও নিহতের সম্পর্কে চাচাতো ভাই।
স্থানীয় সূত্র জানায়, বাড়ির সীমানায় টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে জাহাঙ্গীর আলম ও আমির হোসেনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ মারামারিতে লিপ্ত হন। এসময় আমির হোসেনের মা আম্বিয়া বেগমকে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে হাতে আঘাত করে। এতে ক্ষিপ্ত হয়ে আমির হোসেন ধারালো চাকু দিয়ে জাহাঙ্গীর আলমের বুকের বাম পাশে আঘাত করেন। গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করে বলেন, মধ্য জাফলং ইউনিয়নে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে জাহাঙ্গীর আলম নামে এক যুবক খুন হয়েছেন। খবর পেয়ে গোয়াইনঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম ফাত্তাহ চৌধুরী মোর্শেদের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায় এবং অভিযান চালিয়ে অভিযুক্ত আমির হোসেনকে আটক করতে সক্ষম হয়। তিনি বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।
