BD SYLHET NEWS
সিলেটশনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৩৪
আজকের সর্বশেষ সবখবর

চৌকিদেখী যুবসমাজের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত


নভেম্বর ২১, ২০২৬ ১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেট সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ডের চৌকিদেখী এলাকার যুবসমাজের উদ্যোগে মাদকবিরোধী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) রাত ৯টায় স্থানীয় সৈয়দ নাসির উদ্দিন জামে মসজিদ প্রাঙ্গণে চৌকিদেখী ২নং গলির যুব সমাজ ও মুরুব্বিদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় ২নং গলির গণ্যমান্য মুরব্বি, যুবসমাজ ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট মুরব্বি হাফিজ মাওলানা ফুজাইল আহমদ।

সভায় বক্তারা বলেন, চৌকিদেখী এলাকায় মাদকের বিস্তার বর্তমানে ভয়াবহ আকার ধারণ করেছে। কিছু অসাধু মাদক ব্যবসায়ীর কারণে এলাকার সামাজিক পরিবেশ ও যুবসমাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাদকের প্রভাব থেকে বাদ যাচ্ছে না শিশু-কিশোর ও নারীরাও। মাদক ব্যবসার সঙ্গে শিশু ও নারীদের জড়িয়ে পড়ার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। এ অবস্থা চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের মুখে পড়বে এবং এলাকার সামাজিক ও পারিবারিক পরিবেশ মারাত্মকভাবে বিপর্যস্ত হবে। বক্তারা আরও বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে এখনই সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি এলাকার সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। বিশেষ করে অভিভাবকদের সন্তানদের চলাফেরা ও সঙ্গীদের বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান তাঁরা।

আলোচনা সভায় এলাকার যুবসমাজের পক্ষ থেকে কয়েকজন বক্তব্য দেন। এ সময় এলাকার বিশিষ্ট মুরব্বি লুৎফুর রহমান চৌধুরী, মুজিবুর রহমান, সোহেল আহমদসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা চৌকিদেখী এলাকাকে মাদকমুক্ত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি মাদকবিরোধী এ সামাজিক আন্দোলন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। উক্ত সভায় পরবর্তী কার্যক্রম সম্বন্ধে আলোচনা করা হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।