সুনামগঞ্জের দিরাইয়ে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে রবজুল হক মোড়ল মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার ছাদিরপুর পয়েন্ট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত রবজুল হক মোড়ল মিয়া শান্তিগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, দুর্গাপুর গ্রামের জমির হোসেনের লোকজনের সঙ্গে একই গ্রামের মোড়ল গোষ্ঠীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছিল। এরই ধারাবাহিকতায় রাতে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়।
একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে রবজুল হক মোড়ল মিয়াসহ অন্তত ১০ জন আহত হন। গুরুতর আহত রবজুলকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) প্রশান্ত দাস তালুকদার বলেন, সংঘর্ষে আহত রবজুল হক মোড়ল মিয়াকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, পূর্ববিরোধের জেরে সোমবার শান্তিগঞ্জের সীমানায় দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এর জের ধরে মঙ্গলবার দিরাইয়ের সীমানায় সংঘর্ষের ঘটনা ঘটে। আগের ঘটনায় শান্তিগঞ্জ থানায় মামলা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
