BD SYLHET NEWS
সিলেটসোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:১৯
আজকের সর্বশেষ সবখবর

চ্যাটজিপিটিকে মানুষ ভেবে গল্প…


আগস্ট ৩০, ২০২৬ ৮:২৭ অপরাহ্ণ
Link Copied!

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) এ যুগে যেখানে তরুণ প্রজন্ম প্রতিনিয়ত নতুন প্রযুক্তির সঙ্গে মানিয়ে নিচ্ছে, সেখানে প্রবীণদের কাছে এআই এখনো যেন বড় বিস্ময় কিছু। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে সে রকমই এক ঘটনা উঠে এসেছে।

ভিডিওতে দেখা যায়, একজন ভারতীয় প্রবীণ নারী এআই চ্যাটবট ‘চ্যাটজিপিটি’কে সত্যিকারের মানুষ ভেবে এটির সঙ্গে গল্প জুড়ে দিয়েছেন।

ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করেছেন এই নারীর নাতনি অভিরুচি ভাটি। ভিডিওতে দেখা যায়, নানি অত্যন্ত সরল মনে মুঠোফোনে চ্যাটজিপিটির সঙ্গে কথা বলছেন। ওপাশে যে কোনো রক্তমাংসের মানুষ নেই, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা কাজ করছে, তা তিনি একেবারেই বুঝতে পারেননি। নাতনিও তাঁর ভুল ভেঙে আনন্দ ‘মাটি করে’ দিতে চাননি।

ভিডিওর ক্যাপশনে অভিরুচি লেখেন, ‘নানি চ্যাটজিপিটির সঙ্গে কথা বলছেন এবং সত্যি বিশ্বাস করছেন যে ওপাশে একজন মানুষ আছেন। সত্যি বলতে, তাঁর এই ভুল ভাঙানোর ইচ্ছা আমার হয়নি। ঈশ্বর যেন এই প্রজন্মকে সব সময় রক্ষা করেন, যাঁরা এখনো খুব সাধারণ বিষয়ে খুঁজে পান ম্যাজিক।’

ঘটনার সূচনা হয় একটি মজার কৌশলের মাধ্যমে। অভিরুচি তাঁর নানিকে বলেন, তাঁরা আসুর (এক স্বজন) বিয়ের জন্য একজন বিদেশি মেয়ে পছন্দ করেছেন, যে কি না হিন্দিতে কথা বলতে পারেন। এরপর চ্যাটজিপিটির ভয়েস মোড চালু করতেই চ্যাটবটটি নিজে থেকে কুশল বিনিময় করে কথা বলতে শুরু করে। নানিও অত্যন্ত আদরের সঙ্গে হিন্দিতে জিজ্ঞাসা করেন, ‘আপনি কেমন আছেন? ভালো আছেন তো?’ জবাবে চ্যাটজিপিটি সাড়া দেয়, ‘হ্যাঁ, একদম।’

চ্যাটজিপিটির নারী কণ্ঠ শুরুতে ওই প্রবীণ নারীকে নানি বলে ডাকছিল। তখন তিনি চ্যাটজিপিটির ভুল ভাঙিয়ে বলেন, ‘আমি আসুর দাদি, এর (অভিরুচি) নানি।’ শেষে তিনি স্নেহের সুরে বলেন, ‘দুজনই যেন ভালো থাকে, সুখে থাকে।’

ভিডিওটি এরই মধ্যে ২০ লাখের বেশিবার দেখা হয়েছে। ইন্টারনেটে ব্যবহারকারীদের প্রতিক্রিয়াও মিশ্র। অনেকে প্রবীণ নারীর সরলতায় মুগ্ধ হয়ে লিখেছেন, ‘তিনি সত্যিই নিষ্পাপ আত্মার, ঈশ্বর তাঁর মঙ্গল করুন।’

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।