BD SYLHET NEWS
সিলেটসোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৪৫
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু


মে ২৫, ২০২৬ ৩:১৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর প্রাণ গেছে।

গত ২৪ ঘণ্টায় দুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায় বলে সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানিয়েছেন।

এ নিয়ে চলতি বছর বিভাগে হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়াল।

ওসমানী হাসপাতালে মারা যাওয়া শিশুদের মধ্যে রয়েছে- আট মাস বয়সী মাজহারুল; সে সিলেট সদর উপজেলার বাসিন্দা মাজেদের ছেলে। আর চার মাস বয়সী তানিয়া মৌলভীবাজার সদরের বড়কাপনের মিলু মিয়ার মেয়ে।

এছাড়া শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার রমজান আলীর ১৪ মাস বয়সী ছেলে মহসিন মারা গেছে।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৫৮ জন ভর্তি হয়েছে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে ২৭০ জন রোগী।

এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৮৩ জন ও এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৮৮ জন চিকিৎসাধীন। সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ৩৪ জন। বাকিরা বিভাগের সরকারি চিকিৎসা নিচ্ছেন। অনেকে চিকিৎসা নিচ্ছেন বেসরকারি হাসপাতালে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫ জন রোগীর ল্যাব টেস্টে হাম শনাক্ত হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে ল্যাব পরীক্ষায় ১৬৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

চলতি বছরে মারা যাওয়া শিশুদের মধ্যে চারজনের শরীরে ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। বাকি ৫১জন শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে; তাদের অধিকাংশই হৃদরোগ, নিউমোনিয়া, শ্বাসকষ্টসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিল।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।