BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৮:৪৪
আজকের সর্বশেষ সবখবর

তফসিল ঘোষণার পর নির্বাচনী সহিংসতায় নিহত ১৫: উদ্বেগ টিআইবির


ফেব্রুয়ারি ৩, ২০২৬ ১২:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

বিডি সিলেট::– ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর গত ৩৬ দিনে সারা দেশে রাজনৈতিক সহিংসতায় অন্তত ১৫ জন নেতা-কর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সোমবার রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি এই তথ্য তুলে ধরে।

টিআইবির প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালে এখন পর্যন্ত দেশে মোট ৪০১টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রাণ হারিয়েছেন ১০২ জন। পাশাপাশি সহিংস পরিস্থিতিতে বিভিন্ন থানা থেকে লুট হওয়া এক হাজার ৩৩৩টি আগ্নেয়াস্ত্র এখনো উদ্ধার হয়নি, যা ভবিষ্যতে সহিংসতা আরও বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া এবং নতুন করে অস্ত্রের লাইসেন্স দেওয়ার উদ্যোগ নির্বাচনী পরিবেশকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে। এতে করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নির্বাচনী সহিংসতা বাড়ার আশঙ্কা রয়েছে।

টিআইবি নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে। প্রতিবেদনে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ৫০টির বেশি হামলার ঘটনার তথ্য তুলে ধরা হয়। একই সঙ্গে প্রশাসনের নিরপেক্ষতা, অনুপযোগী ভোটকেন্দ্র নির্ধারণ এবং নির্বাচন কমিশনের সক্ষমতা ও নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

তবে সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তফসিল ঘোষণার পর এ পর্যন্ত সহিংসতায় নিহতের সংখ্যা পাঁচজন। নিহতের সংখ্যা নিয়ে টিআইবির তথ্যের সঙ্গে সরকারের দাবির স্পষ্ট অমিল দেখা যাচ্ছে।

নির্বাচনের আগে সহিংসতা, অস্ত্রের অবৈধ ব্যবহার এবং প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে এই উদ্বেগজনক চিত্র গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।