BD SYLHET NEWS
সিলেটসোমবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:১৬
আজকের সর্বশেষ সবখবর

ভোটের মাঠে ব্যর্থ হয়ে এমরান চৌধুরীকে টার্গেট করে ফেসবুকে অপপ্রচার


ফেব্রুয়ারি ১, ২০২৬ ১০:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

বিডি সিলেট নিউজ::- সিলেট-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী (ধানের শীষ) এমরান আহমদ চৌধুরীকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিএনপির স্থানীয় সূত্রের দাবি, আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি ও বিভ্রান্তিকর ভিডিও তৈরি করে সেগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে।

দলীয় সূত্র জানায়, মনোনয়ন ঘোষণার পর থেকেই একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক উদ্দেশ্যে এ ধরনের তৎপরতায় লিপ্ত রয়েছে। তাদের দাবি, এটি স্বাভাবিক রাজনৈতিক প্রতিযোগিতার অংশ নয়; বরং প্রার্থীর ব্যক্তিগত সম্মানহানি ও ভোটারদের বিভ্রান্ত করার একটি সুপরিকল্পিত অপচেষ্টা।

এমরান আহমদ চৌধুরীর ঘনিষ্ঠজন ও নির্বাচনী টিমের সদস্যরা জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও, ফেসবুক আইডি কিংবা কনটেন্টের সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। এসব কনটেন্টকে তারা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন।

এ বিষয়ে বিএনপির এক নেতা বলেন, “রাজনৈতিক ভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে একটি মহল নোংরা পথ বেছে নিয়েছে। আধুনিক প্রযুক্তির অপব্যবহার করে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। আমরা সাধারণ ভোটারদের এসব অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি।”

তিনি আরও বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে এ ধরনের ডিজিটাল অপপ্রচার উদ্বেগজনক এবং এটি নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতার জন্য হুমকি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে। সাইবার অপরাধ বিশেষজ্ঞদের মতে, এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ভিডিও ও কনটেন্ট তৈরি ও প্রচার করা একটি গুরুতর অপরাধ, যা দেশের প্রচলিত আইনে শাস্তিযোগ্য।বিশেষজ্ঞরা নির্বাচনের সময় যাচাই-বাছাই ছাড়া কোনো কনটেন্ট শেয়ার না করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।