BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৫০
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে সংঘর্ষে ৩ জন নিহতের ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেফতার


মে ১১, ২০২৪ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট প্রতিবেদক : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামে সংঘর্ষে ৩ জন নিহতের ঘটনায় প্রধান অভিযুক্ত বদরুল আলমকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার ভোর সাড়ে ৫টায় জেলার পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

হবিগঞ্জের বা‌নিয়াচং–আজ‌মিরীগঞ্জ সার্কেলের অ‌তি‌রিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে আজ বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে এ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পলাশ রঞ্জন দে বলেন, ‘তথ্যপ্রযুক্তির সহায়তায় এ মামলার প্রধান অভিযুক্ত বদরুল আলমকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। পাশাপাশি এ মামলার অন্যান্য অভিযুক্তদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। গ্রেপ্তার আসামির রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।’

অন্যদিকে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ‘রিমান্ড শুনানির জন্য আগামীকাল শনিবার দিন ধার্য করে বদরুল আলমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।’

গত বৃহস্পতিবার বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামে একটি অটোরিকশার স্ট্যান্ডে যাত্রী ওঠানো নিয়ে স্ট্যান্ডের তত্ত্বাবধায়ক বদরুল আলমের সঙ্গে কথা কাটাকাটি হয় অটোরিকশার চালক কাদির মিয়ার। এক পর্যায়ে তাঁদের কথাকাটাকাটির খবর আগুয়া গ্রামে পৌঁছলে ব‌দির প‌ক্ষের আত্মীয়-স্বজনরা লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ৪০ মিনিট স্থায়ী এ সংঘর্ষকালে উভয় পক্ষের লোকজন লাঠিসোটা, বল্লম ও ইটপাটকেল ব্যবহার করে। একপর্যায়ে প্রতিপক্ষের বল্লমের আঘাতে অটোরিকশার চালক কাদির মিয়া (৩০), তাঁর নিকটাত্মীয় সিরাজ মিয়া (৫০) ও লিলু মিয়া (৫০) প্রাণ হারান। নিহতরা সবাই গ্রামের একটি পক্ষের লোকজন।

ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ‘সংঘর্ষে ৩ জন নিহত হওয়ার ঘটনায় এখনো মামলা হয়নি। মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত বদরুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে।’

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।