সুনামগঞ্জ প্রতিনিধি : স্মরণকালের ভয়াবহ বন্যায় পানিবন্দী রয়েছেন জেলার অন্তত ২৫ লাখ মানুষ। গেল ৭ দিন ধরে খাদ্য, পানি, আশ্রয়হীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন হাজার হাজার পরিবার।
বন্যার পানিতে সব হারিয়ে আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন প্রায় দুই লাখ মানুষ। খাবার, বিশুদ্ধ পানি, স্যানিটেশন সমস্যাসহ নানা সংকটের মুখে নারী, শিশুসহ বয়োজ্যেষ্ঠ বন্যার্ত লোকজন।
সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, জেলার ১১ উপজেলার শতাভাগ এলাকা বন্যায় প্লাবিত হয়েছে। অতিথের সকল রেকর্ড ছাড়িয়েছে চলতি বন্যা। ফলে জেলার বেশির ভাগ মানুষই পানিবন্দী হয়ে পড়েছে। ৭ দির পরও বেশিভাগ বসতঘরে পানি রয়ে গেছে।
ঘর-বাড়িতে পানি উঠায় জেলার ৪৫৬ আশ্রয় কেন্দ্রে ১ লক্ষ ৬০ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। যারা দুর্গম এলাকায় পানিতে আটকা ছিলেন সেনাবাহিনীর, কোস্টগার্ডসহ সরকারের বিভিন্ন সংস্থা তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
এদিকে আশ্রয় কেন্দ্র ও বন্যা কবলিত এলাকায় তীব্র খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। খাবার সংকটের কারনে খেয়ে নাখেয়ে দিনাতিপাত করছেন হাজারো মানুষ। অনেকেই ডায়েরিয়াসহ পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে বন্যা কবলিত এলাকায় পর্যাপ্ত ত্রাণ সহযোগিতার কথা বলা হলেও গ্রামীণ ও দুর্গম এলাকায় এখনো কোনো ত্রাণ সহযোগিতা দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন বানভাসি অনেক মানুষ।
সদর উপজেলার সুরমা ইউনিয়নের বাদের টেক গ্রামের লাল বানু নামে এক মহিলা বলেন, ঘরে কোমর পানি। পালংয়ের উপরে পালং তুলে কোনোভাবে সন্তানদের নিয়ে আছি। গত ৬ দিন ধরে চিড়ামুড়ি খেয়ে আছি। কোনো চেয়ারম্যান মেম্বার আমাদের দেখতে আসেনি। ত্রাণের ব্যাপারে রমিজ উদ্দিন নামে আরেক বৃদ্ধ বলেন, কই ত্রাণ, কে দিল, কাকে দিল। না খেয়ে আছি। কেউ কোনো ত্রাণ নিয়ে আসেনি।
ত্রাণের বিষয়ে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, বন্যায় মানুষের জানমালের ব্যাপক ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত জেলায় ৬৭৫ মেট্টিকটন চাল।নগদ ৮০ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে।
আশ্রয়কেন্দ্রে প্রতিদিন ৪৪ হাজার প্যাকেট রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে।
প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে সুনামগঞ্জের বন্যা এলাকা পরিদর্শন করেছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। তিনি তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ৫৫ লক্ষ টাকা প্রদান করেছেন।
তিনি বলেন, ত্রাণ সহযোগিতার বাহিরে কেউ নেই। সবাই ত্রাণের আওতায় এসেছেন।
