বিডি সিলেট ডেস্ক:: সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাকসুদুর রহমান (৩০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার (২১ জুন) সন্ধ্যায় দেশটির নাজরান শহরে এ দুর্ঘটনা ঘটে। মাকসুদুরের বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরফলকন এলাকায়। তিনি ওই এলাকার সামছুদ্দিনের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত রোববার মাকসুদুর ও তার সহকর্মীরা ট্যাক্সিযোগে কাজে যাচ্ছিলেন। তাদের ট্যাক্সি নাজরান শহরে পৌঁছার সঙ্গে সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাকসুদুর নিহত হন। পরে পুলিশ এসে তার মরদেহ মর্গে পাঠায় এবং আহতদের হাসপাতালে ভর্তি করে।
এদিকে মাকসুদের মৃত্যুতে এলাকায় মাতম চলছে। তার মামা মো: সারওয়ার বলেন, গত ৭ মাস আগে টাকা ধার করে তিনি কাজের জন্য প্রবাসে পাড়ি দেন। তার ৪ জন মেয়ে ও ২ জন ছেলে সন্তান রয়েছে। মাকসুদুরের মৃত্যুতে পরিবারে অন্ধকার নেমে এসেছে। তার মরদেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
মাকসুদুরের প্রতিবেশীরা জানায়,মাকসুদুর দেশে থাকাকালিন মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু এতে পরিবারের ব্যয় মেটাতে তাকে হিমশিম খেতে হতো। তাই অধিক রোজগারের আশায় টাকা ধার করে সৌদি আরবে যান তিনি। মাকসুদুরের মৃত্যুতে তার পরিবার দিশেহারা হয়ে পড়ছে।
