বিয়ানীবাজার প্রতিনিধি :: সিলেট জেলায় বন্যা আক্রান্ত জনগণের পাশে দাড়িয়েছেন জেলা পুলিশের সদস্যরা। বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম-বার এর নির্দেশে সিলেট জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে সিলেট জেলা পুলিশের সদস্যরা গত কয়েকদিন ধরে সর্বোচ্চ আন্তরিকতার সাথে সাধারণ মানুষকে পানি বন্দী অবস্থা থেকে উদ্ধার করে নিরাপদ আশ্রয় কেন্দ্রে পৌঁছে দেয়া, রান্না করা খাবার বিতরণ, বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় সোমবার (২০ জুন) দুপুরে জকিগঞ্জ সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন ও বিয়ানীবাজার থানা পুলিশের তত্ত্বাবধানে উপজেলার দুবাগ ইউনিয়নের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে রান্না করা খাবার বিতরণ করেছেন। সোমবার দুপুরে আশ্রয় কেন্দ্রে থাকা পরিবারের সদস্যদের মধ্যে খাবার বিতরণ করেন পুলিশের দায়িত্বশীলরা।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায় বলেন, বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণের পাশাপাশি আশ্রয় কেন্দ্রে আশ্রিত পরিবারের সদস্যদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেছি।
তিনি সরকারের পাশাপাশি এলাকার বিত্তবান ও প্রবাসীদের এগিয়ে আসার আহবান জানান।
বিয়ানীবাজার থানা পুলিশের পক্ষে সোমবার উপজেলার দুবাগ ইউনিয়নের বাঙ্গালহুদায় বন্যা কবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।
