শায়েস্তাগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জে শায়েস্তাগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে দুটি বাসের মধ্যে সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এ পর্যন্ত চারজন মারা যাওয়ার খবর পাওয়া যায়। মৃতের সংখ্যা বাড়তে পারে। তবে প্রকৃত নিহতের সংখ্যা জানতে হলে আরো অপেক্ষা করতে হবে জানিয়েছে সদর হাসপাতাল কর্তৃপক্ষ।
শুক্রবার (১১ মার্চ) রাত ১০ টার দিকে মহাসড়কের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।খবর পেয়ে দমকল বাহিনী উদ্ধার কাজ শুরু করেছে।
হবিগঞ্জ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক শিমুল মো. রাফি হবিগঞ্জের খবর কে জানান, রাত ১০টা দিকে সিলেট থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আসিফ পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এ সময় পেছন থেকে শ্যামলী পরিবহনের বাসটিকে ধাক্কা দেয় পাথরবোঝাই একটি ট্রাক।
তিনি আরও জানান, শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, এ পর্যন্ত চারজন মারা যাওয়ার খবর পেয়েছি। মৃতের সংখ্যা বাড়তে পারে। কিছুক্ষণ পর বিস্তারিত জানাতে পারবো।
