বিডি সিলেট ডটকম : জৈন্তাপুরে গলা কেটে এক যুবককে হত্যা করা হয়েছে।খুন হওয়া যুবকের নাম ডালিম আহমদ (২২)।পেশায় রাজমিস্ত্রী ডালিম উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঘাঠেরচটি গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।নিখোঁজের তিনদিন পর মঙ্গলবার শেষরাতে মাটিচাপা অবস্থায় তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শনিবার (৫ মার্চ) ডালিম তার স্ত্রীকে নিয়ে শশুর বাড়ি ঠাকুরের মাটি এলাকায় বেড়াতে যান। সেখান থেকে রাতে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করলেও তিনি আর বাড়ি ফিরেন নি।বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। নিকট আত্মীয়সহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়ে তাঁর কোনো রকম সন্ধান মেলেনি। এমতাবস্থায় ডালিমের বাবা বাচ্চু মিয়া রোববার (০৬ মার্চ) জৈন্তাপুর মডেল থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন।
মঙ্গলবার (৮ মার্চ) রাত ১০টার দিকে ডালিমের সন্ধানে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃতে বের হয় পুলিশের একটি ইউনিট। খোঁজাখুজির এক পর্যায়ে রাত ১টায় দিকে ঘাঠেরচটি এলাকার নায়াটিলা জামে মসজিদ সংলগ্ন একটি বিদ্যুতের খুটিতে রক্ত দেখতে পায় পুলিশ। আর এই রক্তের সুত্র ধরে মসজিদ সংলগ্ন কৃষি জমিতে মাটি চাপা অবস্থায় ডালিমের লাশ খুঁজে পায় পুলিশ। মাটি খুঁড়ে রাত ২টায় পুলিশ ডালিমের গলা কাটা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ জানান, ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা ডালিমকে গলা কেটে, হাত-পায়ের রগ ও কোমড় কেটে হত্যার পর মাটিচাপা দিয়ে ফেলে যায়। লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সনাক্ত এবং ধরতে পুলিশি তদন্ত শুরু হয়েছে। সুত্র: শ্যামল সিলেট
